এসিড-সন্ত্রাসের শিকার পরিবারটির চুলায় মঙ্গলবার আগুন জ্বলেনি। রাতে ভালো ঘুমোতেও পারেননি তাঁরা। কারণ তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আর যা-ই হোক টাকার বিনিময়ে এসিড-সন্ত্রাসের মতো জঘন্য অপরাধের সঙ্গে আপস করবেন না।সুতরাং গ্রাম ছাড়তেই হবে—এই ভাবনায় গতকাল বুধবার সকাল থেকে আতঙ্কে ছিলেন তাঁরা। হঠাত্ দেখা গেল কয়েকজন পুলিশ তাঁদের বাড়ির দিকে আসছে। অভিযুক্তদের হয়ে তাঁদের উচ্ছেদ করতে পুলিশ আসছে ভেবে পরিবারের এক সদস্য দৌঁড়ে পালিয়ে যান। কিন্তু মুহূর্তেই পাল্টে যায় চিত্র। মনোহরদী থানার পুলিশ বলে, ‘কোনো ভয় নেই। কেউ আপনাদের উচ্ছেদ করতে পারবে না। পুলিশ আপনাদের পাশে আছে।’ পুলিশের কাছ থেকে এমন অভয়বাক্য শুনে আনন্দে চোখ মোছেন সালেহা বেগম (৫৫) এবং তাঁর দুই সন্তান নাসিমা বেগম (২২) ও আ. রশিদ (২৮)। কিছুক্ষণ পর পুলিশ সুপার মো. আক্কাছ উদ্দিন ভুঁইয়া মুঠোফোনে তাঁদের আশ্বস্ত করেন। পরে একে একে তাঁদের পাশে এসে দাঁড়ায় আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাকের মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচির কর্মী, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও স্থানীয় সমাজ-সচেতন ব্যক্তিরা। দিনব্যাপী মানুষের উপস্থিতির কারণে এসিড-সন্ত্রাসের শিকার ব্যক্তিরা ফিরে পান আইনি লড়াই চালানোর মানসিক শক্তি।গতকাল বুধবার প্রথম আলোর প্রথম পাতায় ‘এসিডদগ্ধ মা-মেয়ে-ছেলের কঠিন দিন, মামলা না তুললে আজই গ্রামছাড়া!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।সালেহা বেগম বলেন, ‘আজ আমাদের গ্রাম ছাইড়া চইল্লা যাইবার কথা। কিন্তু মানুষের সহযোগিতায় আইজ আমরাই গ্রামে আছি, তারাই গ্রামে নাই (অভিযুক্তরা)।’ সালেহার মেয়ে নাসিমার বক্তব্য, ‘অনেক খারাপ অভিজ্ঞতা লইয়া ২০০৭ সাল থাইক্কা ২০১০ সালে আইতে হইছে। দুর্ঘটনার পর এই প্রথম ভালা দিন পার করতাছি। যত বড় রাজনৈতিক নেতা আর সমাজপতিই হোক, এহন কোনোভাবেই মামলা থাইক্কা দূরে সরাইয়া আনতে পারব না।’ঢাকার আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী সেলিনা আক্তার বলেন, প্রথম আলোয় সংবাদটি পড়েই পরিবারটিকে রক্ষায় পুলিশ সুপারের সহায়তা চাওয়া হয়। জাতীয় মহিলা আইনজীবী সমিতির ইসরাত জাহান ও স্বর্ণালী রায় বলেন, মামলার রায় হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা তাঁদের পক্ষ থেকে দেওয়া হবে। ব্র্যাকের মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচির নরসিংদী জেলার আইনজীবী শাখাওয়াত হোসাইন জানান, চিকিত্সা ও আইনি সহায়তা নিয়ে তাঁরা এই পরিবারের পাশে আছেন, থাকবেন।নরসিংদীর পুলিশ সুপার বলেন, ‘গতকাল প্রথম আলোয় সংবাদটি পড়ার পর আমরা পুলিশ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করি।’ পুলিশ সুপার আরও বলেন, এসিড-সন্ত্রাসের মতো স্পর্শকাতর বিষয়ে যারা সামাজিক সুরাহার উদ্যোগ নেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এসিড-সন্ত্রাস মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা যায়, কিছু নারী ও বৃদ্ধ ছাড়া আর কেউ বাড়িতে নেই।এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সদস্যদের বক্তব্য হলো, তারা তাদের গ্রাম ছাড়া করার হুমকি দেয়নি। তবে বিষয়টি মীমাংসা করে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা এটি ভিন্ন খাতে নিয়ে গেছে।প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ অক্টোবর শরীফপুর গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী সালেহা বেগম তাঁর দুই সন্তান নাসিমা বেগম ও আ. রশিদ এসিড-সন্ত্রাসের শিকার হন। তাঁদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী লেবুতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ওরফে বিটু, তাঁর ভাই মোবারক হোসেন ও চাচাত ভাই তারা মিয়া মিলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাঁদের গায়ে এসিড ছুড়ে মারে। ঘটনার পরের দিন আ. রশিদের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। মামলা করার অপরাধে ঘটনার কয়েক দিন পর তাঁদের বাড়িঘর ভাঙচুর করে বাড়ি ছাড়া করা হয়। পরে পুলিশ ও প্রতিবেশীদের সহায়তায় তাঁরা আবার গ্রামে ফেরেন।২০-২২ দিন আগে স্থানীয় শরীফপুর বাজারে কথিত সমাজপতিরা সালিসে বসেন। সে দিন সালিস ভেঙে গেলেও আসামিপক্ষ মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। সর্বশেষ এক সপ্তাহ আগে জানানো হয়, বুধবার (গতকাল) পর্যন্ত আসামিরা অপেক্ষা করবে। সামাজিক সুরাহায় রাজি না হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে গ্রামছাড়া করা হবে।