এসিডদগ্ধদের জন্য র্যাম্পে
টিভি নাটকে অনেক দিন ধরেই অভিনয় করছেন নওশীন, বিন্দু, মম ও মিম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাও রয়েছে এ চারজনের। তবে চারজনের কেউই কখনো র্যাম্পে হাঁটেননি। রাজধানীর হোটেল র্যডিসনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘লাইফ ইজ বিউটিফুল’ ফ্যাশন শোতে এবারই প্রথম তাঁরা র্যাম্পে হাঁটলেন । ফ্যাশন শোর পর তারকাদের পোশাক নিয়ে একটি নিলামের আয়োজন করা হয়েছিল। নিলাম থেকে পাওয়া সব অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে দেওয়া হয়।ফ্যাশন শো শেষে নিলামের একপর্যায়ে অভিনেত্রী নওশীন, বিন্দু, মম ও মিম র্যাম্পে হাঁটার প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে জানান, তাঁদের চারজনের জন্যই এটি ছিল প্রথমবারের মতো মঞ্চে হাঁটার অভিজ্ঞতা। শুধু এসিডদগ্ধ নারীদের পাশে থাকতে পারার সুযোগটা নেওয়ার জন্য তাঁরা র্যাম্পে হেঁটেছেন। এ ধরনের একটি মহত্ কাজের সঙ্গে থাকতে পেরে নিজেদের ভালোলাগার অনুভূতিও জানান তাঁরা।‘লাইফ ইজ বিউটিফুল’ ফ্যাশন শোতে ঢাকা থেকে আরও অংশ নিয়েছিলেন নোবেল ও তিশা। আর কলকাতা থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। তাঁদের সঙ্গে আরও ছিলেন ঢাকার ২০ জন র্যাম্প মডেল। ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন তাঁরা।ফ্যাশন শো শেষ হওয়ার পর পরই শুরু হয়েছিল নিলামের আয়োজন। এতে কলকাতার অভিনেত্রী লকেট চ্যাটার্জির ব্লু ঢাকাইয়া শাড়ি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ও অগ্নিমিত্রা পালের পরা শাড়ি দুটি। নিলামে শাড়ি দুটি সর্বোচ্চ দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকায় বিক্রি হয়। এ ছাড়া নিলাম থেকে বাংলাদেশি অভিনেত্রী নওশীন, মম ও তিশার শাড়িসহ মোট সাত লাখ ৬৫ হাজার টাকা সংগৃহীত হয়। তবে পাওলি দাম এবং মিমের লেহেঙ্গা দুটি নিলামে অবিক্রীতই থেকে যায়।নিলাম থেকে পাওয়া মোট সাত লাখ ৬৫ হাজার টাকা প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে দেওয়া হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে নিলামের অর্থ তুলে দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, ডিজাইনার অগ্নিমিত্রা পালসহ আরও অনেকে।সব শেষে ছিল গানের অনুষ্ঠান। এখানে গান করেন কলকাতার শিল্পী রূপঙ্কর।লাইফ ইজ বিউটিফুল শিরোনামের এই ফ্যাশন শো ও সংগীতানুষ্ঠান দেশ টিভিতে সরাসরি দেখানো হয়।