এসিডদগ্ধদের মনোবল ফিরিয়ে আনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৪ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রী। অপূর্ব সুন্দরী এই শিক্ষার্থীর তখন এসিডে ঝলসে যাওয়ার ঘটনাটি ছিল বহুল আলোচিত। পরবর্তী সময়ে অবশ্য মেয়েটি তত্কালীন সরকারের প্রচেষ্টায় যুক্তরাজ্যে উন্নত চিকিত্সার জন্য চলে যায়। এর পর থেকে এ ধরনের প্রতিহিংসার ঘটনা প্রায়ই হতো। নব্বইয়ের দশকে এ ঘটনাবলি নিয়ে নারীপক্ষ ও তত্কালীন নারীনেত্রী, যাঁর নাম না বললে আমি নিজেকে ভীষণ অপরাধী মনে করব, তিনি হলেন প্রয়াত নাসরিন হক, তিনিই প্রথম ব্যক্তি, যিনি সমাজের এ জঘন্য অপরাধের জন্য সোচ্চার হয়েছিলেন। তাঁর সঙ্গে আমার প্রায়ই এসিডদগ্ধ মেয়েদের চিকিত্সার ব্যাপারে আলোচনা হতো এবং আমরা বিষয়টি নিয়ে পরিকল্পনা করতাম। এ কথা বললে মিথ্যা হবে না, তাঁরই অনুপ্রেরণা আমাকে ওই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেছিল। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের তত্কালীন চিকিত্সক হিউজ কার্পেন্টার আসেন এবং তিনি পোড়া রোগীদের চিকিত্সার ব্যাপারে খোঁজখবর নেন। পরবর্তী সময়ে তাঁরই অনুরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিটিশ নাগরিক জন মরিসন আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি আমাকে নিয়ে আমাদের হাসপাতালের ৩৫ বি-ওয়ার্ডে এসিডদগ্ধ রোগীদের দেখতে আসেন। তখন আমাদের ওয়ার্ডে মাজেদা নামের একজন এসিডদগ্ধ রোগী ভর্তি ছিলেন। মাজেদা তখন অন্তঃসত্ত্বা এবং এক চোখ এসিডের কারণে অন্ধ ছিল। তিনি স্বামী দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এই রোগী দেখার পর আমার রুমে বসে জন মরিসন ও আমি আলাপ করে সিদ্ধান্ত নিই, এঁদের জন্য কিছু করতে হবে। পরবর্তী সময়ে জন মরিসনের একান্ত প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১২ মে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের জন্ম হয়। তখন যাঁরা এর সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের মধ্যে কাজী ফজলুর রহমান, প্রয়াত আইভি রহমান, অ্যাডভোকেট সিগমা হুদা, সালমা আলী ও নাসরিন হক অন্যতম। এভাবে এসব রোগীর চিকিত্সা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। বর্তমানে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল এ বিষয়ে বিশেষ ভূমিকা রাখছে, যা উল্লেখযোগ্য।এসিডদগ্ধ রোগীদের চিকিত্সা করতে গিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি মনে করি, চিকিত্সার পাশাপাশি তাদের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা জরুরি।আমরা প্লাস্টিক সার্জনরা দেশে ও বিদেশে উন্নত চিকিত্সার মাধ্যমে যত চেষ্টাই করি না কেন, তাদের মুখমণ্ডলের বিকৃতি কোনোভাবেই আগের মতো করা সম্ভব হয় না। তাই একই সঙ্গে তাদের মনোবল ফিরিয়ে আনা ও পুনর্বাসন করা প্রয়োজন এবং এ ব্যাপারে সমাজের সবার চেষ্টা একান্ত দরকার। আমরা মনে করি, এসিড-সন্ত্রাসকে নির্মূল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার ‘জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল’ গঠনপূর্বক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এ ব্যাপারে আমাদের সমাজের সর্বস্তরের জনসাধারণ, মিডিয়া, ছাত্রছাত্রী সবারই সচেতন হতে হবে। তবেই এসিড-সন্ত্রাস বন্ধ করা সম্ভব।এসিডদগ্ধ রোগীদের চিকিত্সা যত দ্রুত করা সম্ভব, ততই ভালো এবং এই চিকিত্সা একজন বিশেষজ্ঞ চিকিত্সক দিয়েই সম্ভব। বাংলাদেশে বর্তমানে সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটই একমাত্র প্রতিষ্ঠান, যেখানে এর চিকিত্সা সম্ভব। ক্রমবর্ধিত পোড়া রোগীদের স্বার্থে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে বার্ন ইউনিট স্থাপন করা প্রয়োজন। এ ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। আশা করি, দেশব্যাপী এ কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।পরিশেষে আমি সবার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, ‘আসুন আমরা সবাই এসিড-সন্ত্রাস নির্মূল ও দগ্ধ রোগীদের চিকিত্সা ও পুনর্বাসনে আরও সক্রিয় হয়ে উঠি।’ ডা. সামন্ত লাল সেন: প্রকল্প পরিচালক বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সহ সভাপতি প্রথম আলো ট্রাস্ট