এসিডে আক্রান্তদের প্রায় এক-চতুর্থাংশ শিশু
দেশে এসিড-সন্ত্রাসে আক্রান্তদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই (শতকরা প্রায় ২৫ ভাগ) শিশু। শিশুকালে এসিডে ঝলসে যাওয়ার কারণে তাদের শারীরিক ক্ষতি হয় বড়দের তুলনায় অনেক বেশি। তাদের বেশির ভাগকেই সারা জীবন বেঁচে থাকতে হয় প্রতিবন্ধী হয়ে।৪৯ দিনের দুর্জয়: বয়স তখন সবেমাত্র ৪৯ দিন। সম্পত্তির লোভে ওই বয়সে দুর্জয়ের মুখে এসিড ঢেলে দেন তারই কাকি। ২০০৫ সালের ১৯ জানুয়ারি যশোরের এক বাড়িতে ঘটে এই নির্মম ঘটনা। শুরু হয় মৃত্যুর সঙ্গে দুর্জয়ের পাঞ্জা লড়া। গলা ও গহ্বর—সবই এসিডে ঝলসে যায় দুর্জয়ের। অবস্থা এতটাই খারাপ ছিল যে, সন্তানের মুখে মা কিংবা বাবা ডাক শুনতে চান, এমন কথা মুখ ফুটে বলতেও ভয় পেতেন দুর্জয়ের মা-বাবা। বরং তাঁদের সন্তান স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ে মুখ দিয়ে খাবার খেয়ে চোখের সামনে বেঁচে থাকুক—এটাই ছিল তাঁদের প্রার্থনা। সেই দুর্জয় বেঁচে আছে। দুই ঠোঁটের মাঝখানে একটু ফুটো দিয়ে অস্পষ্ট স্বরে কথাও বলে। তবে দুর্জয়ের মা ইতি রানী ও বাবা আশুতোষ কুমার তরফদারের বুকফাটা কান্না থামেনি। দুর্জয়ের মা সংসার ছেড়ে সন্তানকে নিয়ে এএসএফের হাসপাতালে দিন কাটাচ্ছেন। ছেলেকে দেখাশোনার পাশাপাশি হাসপাতালের টুকটাক কাজ করেন। ছয় বছর বয়সী দুর্জয়ের মুখে এখনো টিউব লাগানো। মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ায়।সাত মাসের বাবলী: ‘ক্যান এসিড মারছে জানে না? মেয়ে হয়ে জন্মেছি, সেই কারণে মারছে। মারছে আমার বাবা’—অস্পষ্ট কিন্তু তীব্র ক্ষোভের সঙ্গে কথাগুলো বলে যায় বাবলী। এখন তার বয়স ১১ বছর। মাত্র সাত মাস বয়সে বাবলীকে তার বাবা এসিড খাইয়ে দেন।বাবলীর মা পারুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘জন্মের পর মেয়ে পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে তাকে এসিড খাইয়ে মেরে ফেলতে চায় তার বাবা। ভাগ্য কিছুটা ভালো, তাই মেয়েকে আজও দেখতে পাচ্ছি। বাবলীর মা আইন ও সালিশ কেন্দ্রে কাজ করেন। কল্যাণপুরে মেয়েকে নিয়ে থাকেন। সেখানেই একটি স্কুলে বাবলী পড়ছে চতুর্থ শ্রেণীতে।এএসএফের তথ্য: বেসরকারি সংগঠন এসিড সারভাইভরস ফাউন্ডেশনের (এএসএফ) তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে মোট এসিড আক্রান্তের সংখ্যা তিন হাজার ১২৮ জন। এর মধ্যে ৭৬১ জন শিশু (১৮ বছরের কম বয়সী)।এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান প্রথম আলোকে বলেন, এসিড আক্রান্ত শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিকৃতি বাড়তে থাকে। ফলে তাদের ক্ষেত্রে অস্ত্রোপচারও বেশিবার করতে হয়। তাদের কোনো স্কুল ভর্তি করাতে চায় না। অন্য শিশুরা তাদের সঙ্গে খেলতেও চায় না। মানুষের প্রতি তাদের অবিশ্বাসের মাত্রাটা বাড়তে থাকে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, বড়দের তুলনায় শিশুদের ক্ষেত্রে এসিডে ক্ষত বেশি হয়। জীবন শুরুর আগেই এসিড শিশুদের জীবন ধ্বংস করে দিচ্ছে। ফলে শিশুদের বিষয়টি আলাদা করে কঠোর সাজার বিধান করে আইন করা প্রয়োজন।ভোলার সালমা: নিজের মুখখানা কীভাবে একটু সুন্দর দেখাবে সেই চিন্তায় অস্থির থাকে ভোলার সালমা। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা ভালো হবে কি না, জানতে চায় এই প্রতিবেদকের কাছে। বর্তমানে সালমার বয়স ১৪ বছর। জমিসংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা সালমার বাবাকে মারতে এসেছিল। সাড়ে আট বছর বয়সে সালমা ও তার মা এসিড-সন্ত্রাসের শিকার হয়। সালমার বুক, মুখ ও দুই হাত পুড়ে যায়। এখনো তার ক্ষতস্থান চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়। তিনবার অস্ত্রোপচার হয়েছে তার।সীমা ও আয়শা: সীমার বয়স এখন আট বছর। তার মা প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় স্বামীর পরিবার মেনে নিতে পারেনি তাঁকে। মা-মেয়েকে মেরে ফেলতে এসিড মেরেছিল। সীমার মা এএসএফে কাজ করছেন। মেয়েকে এএসএফের সহায়তায় একটি স্কুলের হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছেন।রাজশাহীর তাসলিমা মেয়ে আয়শাসহ ২০০২ সালে এসিড আক্রান্ত হন। যৌতুকের জন্য তাদের এসিড মারে তাসলিমার স্বামী, আয়শার বাবা। তাসলিমা চোখে কম দেখেন। মেয়ের মুখটি বাঁকা হয়ে গেছে। স্বামীকে তালাক দিয়ে এএসএফ হাসপাতালে আয়ার কাজ করে মা ও মেয়ের দিন পার হচ্ছে। জীবনতারার নামে হাসপাতাল: বগুড়ার এক কৃষকের মেয়ে ১৪ বছরের জীবনতারা। অন্যের বাসায় কাজ করত। ওই বাসার মালিকের পরিচিত একজন টাকা চুরি করলে জীবনতারা সে ঘটনা ফাঁস করে দেয়। এই কারণে তাকে এসিড মারে এবং কাপড়ে আগুন লাগিয়ে দেয় চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সাঙ্গপাঙ্গরা। জীবনতারার শরীরের বেশির ভাগই বীভৎসভাবে ঝলসে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার একপর্যায়ে জীবনতারা এ পৃথিবী থেকে বিদায় নেয়। জীবন প্রদীপ নিভে গেলেও তার নামে নামকরণ করা এএসএফের হাসপাতালটিতে অনেক এসিডদগ্ধ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।