এসিডে ঝলসে গেছে স্কুলছাত্রীর শরীর
এসিডে ঝলসে গেছে তার চোখ, মুখ, বুক, গলা, হাত-পা ও মাথার একাংশ। শরীরজুড়ে এই যন্ত্রণা নিয়ে সে ছটফট করছে হাসপাতালের বিছানায়। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এই স্কুলছাত্রীর (১৩) ভাষ্য, রাতে নিজের ঘরে পড়ার সময় বাইরে থেকে দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া এসিডে তার এই দুরবস্থা।গতকাল বুধবার রাতে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। ওই উপজেলার একটি গ্রামে তার বাড়ি। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সে।ওই স্কুলছাত্রীর শরীরের ক্ষত চিহ্নের ব্যাপারে ভোলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সামিয়া আহমেদ বলেন, এটি এসিড কেমিক্যাল বার্ন (এসিডে পুড়ে যাওয়া ক্ষত)। তার অবস্থা গুরুতর। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।হাসপাতালে প্রথম আলো ডটকমকে চিকিৎসাধীন স্কুলছাত্রীর ভাষ্যমতে, একই গ্রামের মিরাজ ও সালাউদ্দিন তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকালে এক বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার সময় বখাটেরা তাকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে তার বান্ধবী স্যান্ডেল দিয়ে সালাউদ্দিনকে মারতে যায়। তাঁর ধারণা, ওই বখাটেরাই সেদিন রাতে তাকে পড়ার টেবিলে এসিড ছুড়ে পালিয়ে যায়।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মেয়েটির জবানবন্দি অনুযায়ী পুলিশ সালাউদ্দিন নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।