এসে গেলেন যুবরাজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপটা হবে কার?শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, শেন ওয়াটসন, জ্যাক ক্যালিস...বিশ্বকাপ শুরুর আগে মিছিলে ছিল বড় বড় সব নাম। কখনো কখনো এসেছে আহমেদ শেহজাদের নামও। তবে এই তালিকায় নতুন করে একজনকে যোগ করে নেওয়ার সময় হয়েছে—যুবরাজ সিং।বিশ্বকাপের আগে ‘জাদুকরি ছোঁয়া’টা কেমন যেন হারিয়ে ফেলেছিলেন। পড়ে গিয়েছিলেন বাজে ফর্মের আবর্তে। আলগা হয়ে গিয়েছিল পায়ের তলার মাটিও। নিজেকে হারিয়ে খোঁজা যুবরাজের শঙ্কা ছিল বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েই। বড় মঞ্চ, বড় উপলক্ষ পেয়ে জেগে উঠেছেন সেই যুবরাজই। টানা তিন ম্যাচে করেছেন ফিফটি। আয়ারল্যান্ডের পর পরশু হল্যান্ডের বিপক্ষেও ম্যাচ-সেরা যুবরাজ।সময়মতো জেগে তো তাঁকে উঠতেই হবে, তিনি যে ‘যুবরাজ’। দেশ যখন তাঁর কাছে চায়, তখন ডাকে তো তাঁকে সাড়া দিতেই হবে! বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মঞ্চে নেমেছে শিরোপাপ্রত্যাশী ভারত। সেই প্রথম দিনেই বেরিয়ে পড়ে ভারতের একটা দুর্বলতা, বোলিংয়ের সেই দুর্বলতা আরও বেশি ধরা পড়ে ইংল্যান্ডের সঙ্গে টাই ম্যাচে।পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠলেন ‘যুবরাজ’। ৩১ রানে নেন ৫ উইকেট। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে ব্যাটিংটাও যেন একটু কেমন কেমন ঠেকল ভারতের। ‘পুঁচকে’ আয়ারল্যান্ডের বেঁধে দেওয়া ছোট লক্ষ্যের (২০৭ রান) দিকে ছুটতে গিয়ে ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। ‘ত্রাতা’ হয়ে এলেন যুবরাজ। অপরাজিত ৫০ রান করে ভারতকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।পরশু আবার যখন ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ অনুজ্জ্বল থাকল, দাঁড়িয়ে গেলেন যুবরাজ। হল্যান্ডের ১৮৯ রান তাড়া করতে গিয়ে ৯৯ রানে পড়ে গেছে ভারতের ৪ উইকেট। শেবাগ, টেন্ডুলকার, ইউসুফ পাঠান, বিরাট কোহলিদের পর গৌতম গম্ভীরও আউট হয়ে ফিরে গেছেন। তাঁদের পিছু নেননি যুবরাজ। ৭৩ বলে অপরাজিত ৫১ রান (৭টি চার) করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। এর আগে ৪৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ-সেরার পুরস্কার তো তাঁর অধিকারেই যাওয়া উচিত।তবে ম্যাচ সেরা-টেরা হওয়া নিয়ে ভাবেন না যুবরাজ। অর্পিত দায়িত্ব পালন করতে পেরেই তিনি খুশি, ‘গত বছর চোটের কবলে পড়েছিলাম। বছরটা কেটেছে দলে আসা-যাওয়া করে। তবে এখন ফর্মে আছি, এটা আমার কাছে ভালো লাগছে। আমার কাজ হচ্ছে মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলা। আর দলকে শেষ পর্যন্ত দেখা।’ক্যারিয়ারের শুরু থেকেই এ কাজটা করতেন যুবরাজ। অস্ট্রেলিয়ার মাইকেল বেভানের পর তাঁরও নাম হয়ে গিয়েছিল ‘দ্য ফিনিশার’। কিন্তু মাঝে যেন দিশা হারিয়ে ফেলেছিলেন। আর বিশ্বকাপ তো যুবরাজের কাছে হাহাকারেরই নামান্তর। গত দুটি বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে মাত্র ৩৭৬ রান করেছেন। যুবরাজের সঙ্গে এটা ঠিক যায় না।তবে আবার ‘জাদুকরি ছোঁয়া’টা ফিরে পেয়েছেন। কে জানে, দেশের মাটির বিশ্বকাপটা যুবরাজেরই হয়ে যায় কি না!