এসেছে আবিদের ‘নব আনন্দে জাগো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবিদকে ছাড়াই প্রকাশিত হলো তাঁর নতুন একক ‘নব আনন্দে জাগো’। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন আবিদের বাবা মিনা মিজানুর রহমান, মা রমা রহমান, মামুনুর রশীদ, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, প্রিন্স মাহমুদ, পার্থ বড়ুয়া, শফিক তুহিন, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ, আবিদের বন্ধু-আত্মীয়স্বজনসহ অনেকে।অনুষ্ঠানে আবিদকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবিদের মা রমা রহমান। বলেন, ‘এই অ্যালবামটিকে ঘিরে আবিদের অনেক স্বপ্ন ছিল। অথচ তাঁর অনুপস্থিতিতেই অ্যালবামটি প্রকাশ করতে হচ্ছে। এটা যে কত বেদনার সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ তাঁর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই আবিদের জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরই ‘নব আনন্দে জাগো’ অ্যালবাম থেকে ‘আমার পরান যাহা চায়’ গানটি পরিবেশন করেন আবিদের ছোট ভাই বাঁধন শাহিরয়ার। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পুতুল।মোস্তফা শাওনের সংগীতায়োজনে আবিদের এই অ্যালবামে গান রয়েছে ১০টি। দুটি গানে আবিদের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও এলিটা। অ্যালবামের গানগুলো—‘আমার পরান যাহা চায়’, ‘আজি ঝরঝর মুখর বাদর দিনে’, ‘পুরনো সে দিনের কথা’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘দেখ দেখ শুকতারা’, ‘জীবনও মরণের সীমানা ছাড়ায়ে’, ‘তুমি রবে নীরবে’, ‘আহা আজি এ বসন্তে’ ও ‘আজি ঝড়ের রাতে’।নব আনন্দে জাগো অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ।রবীন্দ্রসংগীত নিয়ে আবিদের প্রথম অ্যালবাম ‘এতো ভালোবাসি’ প্রকাশ হয়েছিল ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে নিজের সুরে প্রকাশিত হয় আধুনিক গানের অ্যালবাম ‘ভালোবাসার প্রহর’।