এসেছে গান্ধর্বলোক অর্কেস্ট্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি শিল্পীদের দিয়ে গীতবিতানের সবকটি গান সিডিতে ধারণ করেছে সুরের ধারা। সঙ্গে আছে নৃত্যনাট্য ও গীতিনাট্য। এই অ্যালবামের নাম শ্রুতি গীতবিতান। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে ২৯ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী উৎসব ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’। এই উৎসবে পাশ্চাত্যের যন্ত্রানুষঙ্গে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবে গান্ধর্বলোক অর্কেস্ট্রা। গত শুক্রবার ১৭টি দেশ থেকে এ দলের ৩৫ জন সদস্য ঢাকায় এসেছেন। তাঁদের সঙ্গে আরও আছেন মঞ্চ ব্যবস্থাপক ও শব্দ প্রকৌশলী। এ দলের নেতৃত্ব দিচ্ছেন সুইজারল্যান্ডের পাঞ্চজন্য বুরি। সুরের ধারার অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, গান্ধর্বলোক অর্কেস্ট্রার সঙ্গে গানে কণ্ঠ দেবেন সুরের ধারার ৪০ জন শিল্পী। গতকাল শনিবার থেকে তাঁরা নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। ২৯ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রুতি গীতবিতান অ্যালবামের মোড়ক খুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি শঙ্খ ঘোষ এবং অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে এক হাজার জন শিল্পীর এক ঘণ্টার পরিবেশনা নিয়ে ‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’। এই উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো ও চ্যানেল আই।