এসেছে ‘বেবি বি’
অপেক্ষা আর সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গতকাল বুধবার সকালে একটি ফুটফুটে মেয়ের মা হয়েছেন। ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন উৎফুল্ল হয়ে টুইটারে লিখেছেন: ‘আমি একটি ফুটফুটে কন্যাসন্তানের দাদা হয়েছি।’ দাদা হতে পেরে উচ্ছ্বসিত অমিতাভ টুইটারে সবাইকে ধন্যবাদ জানান।টুইটারে লেখা অমিতাভ বচ্চনের এ বার্তার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। এর আগে সোমবার অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন: ‘আর মাত্র একটি দিনের অপেক্ষা।’দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ঐশ্বরিয়ার সঙ্গে আছেন স্বামী অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনও পুত্রবধূর পাশে আছেন। এদিকে, এরই মধ্যে বলিউডে ঐশ্বরিয়া ও অভিষেকের কন্যাসন্তানকে ‘বেবি বি’ নামে ডাকা শুরু হয়েছে।ঐশ্বরিয়ার ডেলিভারি উপলক্ষে গোটা সেভেন হিল হাসপাতাল নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। হাসপাতালের একটি পুরো তলা বচ্চন পরিবার বুক করেন। জানা গেছে, সেভেন হিলস হাসপাতালের সবচেয়ে উঁচুতলার একটি স্যুটে ঐশ্বরিয়া থাকবেন।ঐশ্বরিয়ার সন্তান হওয়া নিয়ে বচ্চন পরিবারে কয়েক দিন ধরেই খুশির হাওয়া বইছে। গতকাল গোটা পরিবার আনন্দে মেতে ওঠে। এদিকে, ঐশ্বরিয়ার সন্তান নিয়ে অনেক দিন ধরেই বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। অনেকেই ধারণা করেন, ১১-১১-১১ তারিখেই ঐশ্বরিয়ার সন্তান হবে। এর আগে গুজব ছড়িয়ে পড়ে, যমজ সন্তানের মা হচ্ছেন ঐশ্বরিয়া। কিন্তু ঐশ্বরিয়া একটি সন্তান জন্ম দিয়েছেন।বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত সোমবার সকালের দিকে হাসপাতালে যান ঐশ্বরিয়া। তবে নিয়মিত পরীক্ষা শেষে বাসায় ফিরে যান। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার রাতে ঐশ্বরিয়াকে মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়।