গণিত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভাবছ, আমার মাথা খারাপ হয়ে গেছে। গণিত হচ্ছে করার জিনিস আর আমি কিনা সেটা পড়তে বলছি! হ্যাঁ, গণিত আগে পড়তে হয় এবং তারপর অনুশীলনীর সমস্যা সমাধানের চেষ্টা করতে হয় (আমরা যাকে সাধারণত ‘অঙ্ক করা’ বলি)। তোমরা কেউ কেউ কিন্তু এরই মধ্যে এটা জেনে গেছ এবং গণিত পড়তে শুরু করেছ। চট্টগ্রাম আঞ্চলিক গণিত উত্সবের প্রশ্নোত্তর পর্বে ফৌজদারহাট ক্যাডেট কলেজের এক শিক্ষার্থী লিখে পাঠিয়েছে: ‘আপনাদের কেউ একজন প্লিজ বলে দিন, সবাই যাতে স্কুলের গণিত পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে। আজকে প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলো আপনাদের করছে, তার বেশির ভাগই বইতে লেখা আছে।’ খুবই সত্যি কথা। গণিত পড়তে হবে, কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা সবাই জানি না কেন? আসলে অনেক বছর আগে মানুষ যখন লেখাপড়া করতে শুরু করে, তখন তাদের লক্ষ্য ছিল একটু হিসাব-নিকাশ করতে শেখা, যেটা তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এর জন্য কিন্তু তেমন কিছু গণিত জানার দরকার হয়নি। যোগ-বিয়োগ-গুণ-ভাগ আর কিছু শর্টকাট হিসাবের নিয়ম জানলেই চলত। তারপর একসময় আমাদের সমাজে লেখাপড়ার নতুন একটা উদ্দেশ্য তৈরি হলো কেরানি বা আমলা হওয়া। দেশে শিক্ষার চেয়ে সার্টিফিকেটের গুরুত্ব খুব বেশি হয়ে গেল। পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যা দরকার, ছেলেমেয়েরা কেবল সেটাই পড়ে। হয়তো কোনো গণিত বইতে দশটা অধ্যায় আছে। এর মধ্যে পাঁচটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে, সেগুলো উত্তর করতে পারলেই চলে। তাই সবাই বাকি পাঁচটা অধ্যায় কোনো দিন খুলেও দেখে না। এদিকে আরও একটা মজার ব্যাপার আছে। কিছু মানুষ হিসাব-নিকাশের দক্ষতার জন্য তাদের আশপাশের লোকজনের কাছে ‘অঙ্কে ওস্তাদ’ খ্যাতি পেয়ে গেল। ১২-এর সঙ্গে ১৩ গুণ করলে কত হয়, সেটা হয়তো সে চট করে বলে দিতে পারে, কিন্তু সে কোনো দিন এটা ভেবে দেখেনি যে ১২-এর সঙ্গে ১৩ গুণ করা মানে ১৩টা ১২-কে যোগ করা বা ১২টা ১৩-কে যোগ করা! আর যারা চট করে এসব হিসাব করতে পারে না, ৫-কে ৪ দিয়ে গুণ করতে বললে মুখস্থ ২০ বলে না দিয়ে ৪টা ৫-কে যোগ করে তারপর ২০ বলে তারা অনেকের কাছে অপ্রিয় হয়ে গেল। অনেকেই ওদের বলা শুরু করল ‘অঙ্কে কাঁচা’ এবং তাদের আত্মবিশ্বাস দিল নষ্ট করে। যা-ই হোক, এত বাজে একটা শিক্ষাব্যবস্থার মধ্যেও কিন্তু এ দেশের জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোসরা তাঁদের মেধা ব্যবহার করে সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। আমাদের দেশের স্কুল-কলেজ থেকে লেখাপড়া করা মানুষ কিন্তু নাসায় গবেষণা করে, বেল ল্যাবে কাজ করে, নতুন নতুন জিন আবিষ্কার করে, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিচারক হয়। তবে এমন লোকের সংখ্যা খুবই কম। ১৫ কোটির মধ্যে পনেরো শর বেশি হবে না। তাই কয়েক বছর আগে কিছু মাথাখারাপ লোক—জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার ও মুনির হাসান স্যার এবং তাঁদের কিছু সঙ্গীসাথি মিলে সারা দেশে গণিত নিয়ে হইচই শুরু করে দিলেন। এর ফলে একটা আতঙ্কের বিষয় নিয়ে এখন দেশের হাজার হাজার ছেলেমেয়ে উত্সবে মেতে ওঠে। অনেক ছেলেমেয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করে (এই স্বপ্ন দেখার জন্য কিন্তু ঘুমাতে হয় না)। তোমরা এখন লেখাপড়া শিখে বড় কিছু হতে চাও। দেশকে হাত ধরে সামনে এগিয়ে নিতে চাও। বিজ্ঞানের নানা শাখায় তোমরা অবদান রাখতে চাও। তাই তোমরা বুঝে গেছ, বড় হয়ে যা কিছু করো না কেন, গণিতের ভিতটা হওয়া চাই খুব শক্ত। না বুঝে কেবল অঙ্ক করে গেলে লাভ হবে না, গণিতের ভিত শক্ত করার জন্য গণিত বুঝতে হবে আর গণিত বুঝতে গেলে গণিত পড়তে হবে। আমাদের স্কুলের গণিতের বইগুলো কিন্তু বেশি বড় নয়। দুই কি তিন মাস ভালোভাবে লেখাপড়া করলে বই শেষ হয়ে যায়। তখন তোমরা ওপরের ক্লাসের গণিত বইগুলো পড়ে ফেলতে পার। এটা তেমন কঠিন কোনো ব্যাপার নয়। অন্য বিষয়গুলো যেভাবে পড়ো, মানে আগে প্রতিটা অধ্যায়ের লেখাগুলো পড়ার পর অনুশীলনীর প্রশ্নের সমাধান করা, গণিতও সেইভাবে পড়তে হবে। আর এখন কিন্তু পাঠ্যবইয়ের বাইরেও বাংলা ও ইংরেজিতে গণিতের বেশ কিছু ভালো বই পাওয়া যায়। সেগুলোও তোমরা পড়া শুরু করতে পার। তবে এর জন্য কোনো কোচিং সেন্টারে না গিয়ে বাসায় নিজে নিজে চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তোমাদের স্বপ্নগুলো সত্যি হোক।তামিম শাহরিয়ারএকাডেমিক কাউন্সিলর, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।