এসো দুঃখে সুখে, এসো মর্মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে নূতন,/ দেখা দিক আর-বার/ জন্মের প্রথম শুভক্ষণ’—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনে এভাবেই নতুনকে আহ্বান জানিয়েছিলেন। যুগে যুগে রবীন্দ্রানুরাগীরা তাঁর জন্মদিনে সাড়া দিয়েছেন। তিনিও বারে বারে ফিরে আসেন বাঙালির মনে, মননে, চিন্তায়, সব অভিব্যক্তিতে। কবির জন্মদিনে বাঙালিরা মেতে ওঠে তাঁর গান, কবিতা, নাটক আর দর্শনচর্চায়। পঁচিশে বৈশাখ কবিগুরুর ১৫০তম জন্মজয়ন্তী। এই দিনটিকে সামনে রেখে গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হয়েছে দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ‘এসো দুঃখে, সুখে এসো মর্মে/ এসো নিত্য নিত্য সব কর্মে’ শিরোনামের এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী কলিম শরাফীর স্মৃতির উদ্দেশে। গতকাল বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ছিল রবীন্দ্রানুরাগীদের উপস্থিতিতে ভরা। ঠিক ছয়টায় মঞ্চের পর্দা সরে গেল। মঞ্চে যুবক রবীন্দ্রনাথের বিশাল প্রতিকৃতি। সামনে ১৫০ জন শিল্পী দাঁড়িয়ে আছেন। তাঁদের অনুসরণ করলেন দর্শকেরা। সবাই মিলে গাইলেন চিরকালের ভালো লাগার গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনের এই উৎসব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সহায়তায় আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল।জাতীয় সংগীতের পরেই ১৫টি সংগঠনের ১৫০ জন শিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘আগুনের পরশমণি’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘আজি বাংলাদেশের হূদয় হতে’—এই তিনটি গান। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে সম্মাননা ও ‘কলিম শরাফী স্মৃতি পদক’ প্রদান করা হয়। পরে প্রয়াত সংগীতশিল্পীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর তাঁর বক্তব্যে রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিনকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা, ঢাকার একটি সড়ক রবীন্দ্রনাথের নামে করা এবং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক দুই কবির জন্মবার্ষিকী উদ্যাপনের দাবি জানান। বাইরে তখন বৈশাখী হাওয়ার উন্মাদনা। বৃষ্টি আসি আসি করছে। এমন আবহাওয়ায় দারুণ জমে উঠেছিল রবীন্দ্রনাথের গান আর তাঁর কবিতার আবৃত্তি। শিল্পীরা গেয়ে শুনিয়েছেন ‘তুমি হঠাৎ-হাওয়ায়,’ ‘এসো শ্যামল সুন্দর’ ‘আমার বেলা যে যায়’, ‘আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে’, ‘পান্থ তুমি’, ‘দেখেছিনু প্রিয়তম’, ‘আমার গানের মানুষ’, ‘সেই ভালো সেই ভালো’, ‘আমি তারেই খুঁজে বেড়াই’সহ কবির নানা পর্বের গান। গানের ফাঁকে ফাঁকে ছিল আবৃত্তি। গতকাল উৎসবের প্রথম দিনে একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন রতন বিশ্বাস, লাকী দাস, শাশ্বতী তালুকদার, এ টি এম জাহাঙ্গীর, মকবুল হোসেন, স্বপন দত্ত, প্রদীপ বিশ্বাস, জাফর আহমেদ, জয়ন্ত আচার্য, রণজিৎ রায়, নিরুপম শর্মা, কার্তিক চন্দ্র মণ্ডল, উত্তম কুমার সাহা, অলি ভৌমিক, তাসমিন জাহান, রাবেয়া আক্তার, সুরাইয়া মোজাম্মেল, জলি রহমান, রিফাত জামাল, মিতা পাল প্রমুখ।উৎসবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার বিকেলে রয়েছে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল ভাবনা’ শীর্ষক আলোচনা। শুক্রবার সকালে রবীন্দ্রনাথের কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী, সন্ধ্যায় পরিবেশিত হবে গীতিনৃত্যনাট্য শ্যামা। এদিন ‘বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার ক্রমবিকাশ’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেবেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। শনিবার রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় রবীন্দ্রনাথের নাটক অচলায়তন। এ ছাড়া প্রতিদিন থাকবে গান ও আবৃত্তিপর্ব। পঁচিশে বৈশাখ শেষ দিনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কলিম শরাফীর জন্মদিনকে উপলক্ষ করে তাঁর ওপর তৈরি তথ্যচিত্র পথে পথে দিলাম ছড়াইয়ার প্রদর্শনী হবে। এ ছাড়া এদিন সন্ধ্যায় ‘সার্ধশত জন্মবর্ষে রবীন্দ্রনাথ, প্রেক্ষিত: বাংলাদেশ’ শীর্ষক বক্তব্য দেবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘এবারের উৎসবে সর্বাধিক শিল্পী অংশ নিচ্ছেন। আমরা চাই, সবাই যেন গান করার সুযোগ পান।’ পাঁচ দিনের আয়োজনে একক কণ্ঠের গান করবেন ১৭৫ জন শিল্পী। সম্মেলক গানে অংশ নেবেন ১৫০ জন শিল্পী। তিনি জানান, কবিগুরুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সারা বছরই নানা কর্মসূচি পালন করবে। ‘দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ এর সূচনা মাত্র। এই উৎসবের পর সারা দেশে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে বিজয়ীদের ‘কলিম শরাফী পদক’ দেওয়া হবে।