এস্তোনিয়ায় আগুনে পুড়ে ১০ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস্তোনিয়ার পশ্চিমাঞ্চলীয় হাপসালু শহরে প্রতিবন্ধীদের একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে ১০টি শিশু পুড়ে মারা গেছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, উদ্ধার কর্মীরা আসার আগেই একতলা-বিশিষ্ট কাঠে তৈরি ওই এতিমখানা ভবন পুড়ে ছাইয়ে পরিণত হয়। এস্তোনিয়া সরকার অগ্নিকাণ্ডের পর জরুরি এক বৈঠক করে নিহত শিশুদের স্মরণে আজ সোমবার দেশজুড়ে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট টমাস হেনড্রিক ইলভেস সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত।’ উদ্ধার কর্মীরা জানান, এতিমখানাটিতে নয়জন প্রাপ্ত বয়স্ক ও ৩৭ জন শিশু বাস করত। গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শিশু ঘুমিয়ে ছিল। তারা হুইল চেয়ারে করে দ্রুত বের হতে না পারায় নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে।স্থানীয় গণমাধ্যম জানায়, অগ্নিনির্বাপক কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাত্ক্ষণিক জানা যায়নি।