এহসানুল হক মিলনের রিমান্ড আবেদনের শুনানি ২৩ আগস্ট
চাঁদাবাজি, ভাঙচুর ও চুরির মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে রিমান্ডে নেওয়া হবে কি না তার শুনানি আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন তাঁর জামিন আবেদনের শুনানিও অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালত ওই তারিখ ধার্য করেন। এহসানুল হক মিলন আজ চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে ওই মামলায় হাজিরা দিতে আসেন। ওই মামলায় পুলিশ মিলনকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে। উল্লেখ্য, গত ১১ জুলাই কচুয়া উপজেলার আ. গফুর গাজীর ছেলে মো. কামাল গাজী কচুয়া থানায় মিলনসহ ৩২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি বাদী কামাল গাজী ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে দেয়ালে স্লোগান লেখার সময় মিলনের নির্দেশে তাঁর লোকজন বাদী কামাল গাজীর ওপর হামলা চালায় এবং তাঁকে মারধর, চাঁদা দাবি, বাড়িতে ভাঙচুর, চুরি ও ক্ষয়ক্ষতি করে।