এ্যানির বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রীর পক্ষে তাঁর আইনজীবী সুবল চন্দ্র সাহা আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা যুগ্ম জজ-১ আদালতে মামলাটি করেন। আদালত সূত্রে জানা গেছে, মন্ত্রীর পক্ষে ৫৭ হাজার ৫০০ টাকা কোর্ট ফি জমা দিয়ে দেওয়ানি আইনে এ মানহানির মামলা করা হয়। সুবল চন্দ্র সাহা প্রথম আলো ডটকমকে জানান, গত ১১ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টার সংবাদে ঢাকায় শহীদ উদ্দীন চৌধুরীর একটি জনসভার বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সুবল সাহা বলেন, এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি শহীদ উদ্দীন চৌধুরীকে দুটি উকিল নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলাটি করা হয়। ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান জানান, তিনি নিজেও এই মামলার একজন আইনজীবী। ফরিদপুর জজ কোর্টের আরও কয়েকজন আইনজীবী এই মামলা পরিচালনায় সহায়তা করবেন। এ ব্যাপারে মুঠোফোনে শহীদ উদ্দীন চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, “আমি মামলার নকল তোলার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব।”তবে বিবাদী পক্ষের আইনজীবী সাংসদ মাহবুবউদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, ‘শহীদ উদ্দীন চৌধুরীর বক্তব্যটি ছিল রাজনৈতিক। এ রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যদি তাঁর বিরুদ্ধে মামলা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদিন ৫০০টি মামলা হওয়ার কথা। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’