এয়ার এশিয়ার টিকিট কিনে বেকায়দায় বাংলাদেশি যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়াভিত্তিক বিমান সংস্থা এয়ার এশিয়া আগামী ১ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। এ অবস্থায় আগে থেকে ক্রেডিট কার্ডে এয়ার এশিয়ার টিকিট কিনে অনিশ্চয়তায় পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি যাত্রী।এসব যাত্রীর ভ্রমণের বিকল্প কোনো ব্যবস্থা হবে, নাকি টাকা ফেরত দেওয়া হবে—সে ব্যাপারে এয়ার এশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। উল্টো যাত্রীরা পরিস্থিতি জানতে নানাভাবে চেষ্টা করছেন। ঢাকায় এয়ার এশিয়ার কোনো যোগাযোগকেন্দ্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগী বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন।জানতে চাইলে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উড্ডয়ন নিরাপত্তা ও নীতিমালা) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখার বিষয়টি এয়ার এশিয়ার পক্ষ থেকে লিখিতভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সস্তা ভাড়ার বিমান সংস্থা এয়ার এশিয়া ২০০৯ সালের ১২ মার্চ ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। শুরুতেই বেশ কম দামে ঢাকা-কুয়ালালামপুর গন্তব্যে টিকিট বিক্রি করে ভ্রমণপিপাসু মধ্যবিত্তের মনোযোগ কাড়ে। তারা নানা সময়ে বিভিন্ন দামের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করে। এসব প্যাকেজের টিকিট অনলাইনে কাটতে হয় বেশ আগে থেকে। টিকিটের দাম পরিশোধ করা হয় ক্রেডিট কার্ডে।ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী ড্যানিয়েল মো. এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, এয়ার এশিয়ার সস্তা ভাড়ায় আগাম টিকিট বিক্রির প্যাকেজ দেখে তাঁরা কয়েকজন বন্ধু সপরিবারে ভ্রমণের জন্য অনলাইনে টিকিট কিনেছেন। গত বছর ১১ নভেম্বরের টিকিট কিনেছেন আটজন। ক্রেডিট কার্ডে পরিশোধ করেন এক হাজার ২৩৮ মার্কিন ডলার। দুই ভাগে তাঁদের ভ্রমণের তারিখ আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর। একইভাবে মাহমুদুল হাসান ও শামস্ আরেফিন চৌধুরী পরিবার নিয়ে ভ্রমণের জন্য ১২টি টিকিট কিনেছেন গত ২৫ জানুয়ারি। তাঁদের ভ্রমণের তারিখ আগামী ১৯ ও ২০ জুলাই। মো. সিরাজুল হক ও নূর মোহাম্মদ চৌধুরী মিলে ৭০২ মার্কিন ডলারে ছয়টি টিকিট কেটেছেন গত ২৭ ফেব্রুয়ারি। তাঁদের ভ্রমণের তারিখ আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি। জাহিদ হোসেন নামের বেসরকারি প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা স্ত্রী, দুই সন্তানসহ চারজনের জন্য ৫৫০ মার্কিন ডলারে টিকিট কেটেছেন। তাঁদের ভ্রমণের তারিখ ১ জুলাই। তিনি এখনো জানেন না, ওই দিন তিনি বিমানবন্দরে যাবেন কি না?কাজী ড্যানিয়েল জানান, তাঁদের এখন পর্যন্ত এয়ার এশিয়ার পক্ষ থেকে ফ্লাইট বন্ধের ব্যাপারে কিছু বলা হয়নি। এয়ার এশিয়ার কাছে তাঁদের অনলাইনে পূরণ করা প্রোফাইল ও ই-মেইল ঠিকানা রয়েছে। তাঁরা ঢাকায় কোনো ঠিকানা খুঁজে না পেয়ে ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানটির কলসেন্টারের নম্বরে ফোন করেন। কলসেন্টারটি সিঙ্গাপুরে। সেখান থেকে বলা হয়, ১ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর গন্তব্যের ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এর চেয়ে বেশি তথ্য কলসেন্টারের কাছে নেই। গত এক সপ্তাহে অন্তত অর্ধশত ব্যক্তি একই অভিযোগ করেছেন প্রথম আলোর কাছে। ঢাকায় এয়ার এশিয়ার কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এশিয়ার একটি কাউন্টার আছে। সেখানকার কর্মীদের দাবি, তাঁরা বিক্রয় শাখার কেউ নন। তাই এ ব্যাপারে বক্তব্য দেওয়ার অধিকার তাঁরা রাখেন না। ১ জুলাই থেকে ফ্লাইট বন্ধ, এটা তাঁরা নিশ্চিত করেছেন।গুলশানের একটি ট্রাভেল এজেন্সি এয়ার এশিয়ার এখানকার কিছু স্বার্থ দেখে। ওই ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা এখন সেটা আর স্বীকার করতে চান না। তাঁদের দাবি, এয়ার এশিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক টিকিট বিক্রি করে। এ দেশে তাদের কোনো কার্যালয় নেই। তাই টিকিটের টাকা কীভাবে ফেরত দেবে, সেটা তাঁরা জানেন না। তবে নিজ নিজ ক্রেডিট কার্ডে টাকা ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে এজেন্সির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান। তিনি বলেন, এমন আগাম টিকিট কিনে বেকায়দায় পড়া ব্যক্তির সংখ্যা প্রায় ৫০ হাজারের মতো হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি।