ঐক্য গড়তে চায় বিএনপি, সিদ্ধান্তহীন ছোট দলগুলো
রাজনৈতিক ঐক্য গঠনে বিএনপির আহ্বানে সাড়া দিতে সময় নিচ্ছে বেশির ভাগ দল। তবে জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় এই ঐক্যে বাম দলগুলোর আপত্তি আছে। এ ছাড়া বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনে করে, ভবিষ্যতে বিএনপির সঙ্গে ঐক্য স্থাপনের আগে আরও আলোচনার প্রয়োজন আছে।বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য অলি আহমদের গড়া দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঐক্য স্থাপনে অনেকটাই এগিয়েছে। আলোচনা এগিয়েছে বিকল্পধারার সঙ্গেও। এদিকে নামসর্বস্ব ও ধর্মভিত্তিক কিছু দল বিএনপির সঙ্গে ঐক্য স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নিয়ে জোট সম্প্রসারণের ব্যাপারে বিএনপিতে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) সঙ্গেও যোগাযোগ রয়েছে দলটির।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমরা আহ্বান জানাচ্ছি, এতে সাড়া দেওয়া বা না দেওয়া দলগুলোর নিজস্ব ব্যাপার।’ ভবিষ্যতে জোট সম্প্রসারণের ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করার ব্যাপারে বেশির ভাগ দলই বিএনপির দাবির সঙ্গে একমত। হয়তো দলীয় কারণে বিএনপির সঙ্গে একত্রে আন্দোলন থেকে দূরে আছে। এসব নিয়ে আলোচনার প্রয়োজন আছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো হলো জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস। এই জোটে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন সময় নামসর্বস্ব আটটি রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছে। বিএনপির নীতিনির্ধারকেরা এ কথা স্বীকারও করেছেন। দলগুলো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), মুসলিম লীগ ও ইসলামিক পার্টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, চারদলীয় জোটের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে অনেক দলই আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নিয়ে জোট সম্প্রসারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের মধ্যে এ নিয়ে আলোচনা আছে।যাদের সঙ্গে আলোচনা হয়েছে: পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর মূলত বিএনপি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার ওপর জোর দেয়। এরপর ডানপন্থী-বামপন্থী ও নিজ দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ, অলি আহমদের এলডিপি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও আ স ম আবদুর রবের জাসদের (জেএসডি) সঙ্গে কথা বলেছে বিএনপি।এলডিপি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দল মনে করে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই এ বিষয়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন হলে তা অনেক বেশি জোরদার হবে।’ কৃষক শ্রমিক জনতা লীগের এক নেতা বলেন, ‘বিএনপির সঙ্গে দলের আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানি না।’আ স ম রব বলেন, বিভিন্ন দাবিতে তাঁর দল রাজপথে আছে, থাকবে। এর বেশি কিছু এখনই ভাবা হচ্ছে না। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন। ওই বৈঠকের পর বিএনপির গণঅনশনে বিকল্পধারা সংহতি প্রকাশ করে। বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে মূলত গণঅনশন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকের ব্যাপারে অবস্থান পরিষ্কার করতে গিয়ে বি চৌধুরী এক বিবৃতিতে বলেন, বিকল্পধারা ও বিএনপি সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একই অবস্থানে আছে। এ জন্য বিএনপির শান্তিপূর্ণ গণঅনশন কর্মসূচিতে সমর্থন দিয়েছে। তবে হরতাল বা এ ধরনের ধ্বংসাত্মক কোনো কর্মসূচির পক্ষে তাঁর দল ছিল না, থাকবেও না। আর বিএনপির সঙ্গে একীভূত হওয়া নিয়ে আলোচনাও হয়নি।জামায়াত নিয়ে আপত্তি বাম দলগুলোর: বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানান, বাম দলগুলোর সঙ্গে তাঁদের অনানুষ্ঠানিক কথা হয়েছে। অভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ার এক ধরনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে জামায়াতের সংশ্লিষ্টতার কারণে বিএনপির সঙ্গে ওই দলগুলোর যুগপৎ রাজনীতিতে আপত্তি আছে।বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, পঞ্চদশ সংশোধনী পাসের পর ১২টি বাম রাজনৈতিক দল পৃথকভাবে এর বিরোধিতা করে। ওই দলগুলোর সঙ্গে কথা হয়েছে। তারা বিএনপির ঐক্যে সাড়া না দিলেও অভিন্ন ইস্যুতে দলগুলো মাঠে থাকবে বলে বিএনপিকে জানিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে বিএনপির কয়েকবার কথা হয়েছে। সাবেক কয়েকজন বাম নেতা, যাঁরা বর্তমানে বিএনপিতে আছেন তাঁরাই সিপিবির সঙ্গে কথা বলেছেন। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার কথা জানিয়েছেন। বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসেনি বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে রুহিন হোসেন প্রথম আলোকে বলেন, সিপিবির পক্ষে বিএনপির সঙ্গে যৌথ বা যুগপৎ আন্দোলনে যাওয়া সম্ভব না। আদর্শিক কারণে এটা অসম্ভব। বিএনপির জামায়াত-সংশ্লিষ্টতা বড় কারণ। জামায়াত যে অনুষ্ঠানে যায়, সিপিবি সেখানে যায় না। তাই বিএনপির সঙ্গে যাবে কীভাবে।