‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই। এ কারণে ভারত আমাদের দুর্বল মনে করে। তাই ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করার সাহস পাচ্ছে।’আজ রোববার বিকেলে সাড়ে চারটার দিকে লংমার্চের দ্বিতীয় দিনে সিলেটের জকিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।এরশাদ টিপাইমুখ ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। সমাবেশে প্রায় ২০ মিনিট বক্তব্য দেওয়ার সময় এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। তিনি বলেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠন করা হবে এবং সিলেটকে জালালাবাদ প্রদেশ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এরশাদ বলেন, জকিগঞ্জ কলেজকে সরকারীকরণ করা হবে। সমাবেশে এরশাদ কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে দলের প্রার্থী হিসেবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমেদকে পরিচয় করিয়ে দেন। সাব্বির আহমেদের সভাপতিত্বে সমাবেশে দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। জকিগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হলো। এর আগে গোলাপগঞ্জ পৌরসভার প্রধান ফটকে এক পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘মহাজোটে থাকি আর সরকারে থাকি, সিলেটের ক্ষতি হয় এমন কিছু মানা হবে না। এ জন্য সব উপেক্ষা করে ছুটে এসেছি। টিপাইমুখে বাঁধ আমরা করতে দেব না।’বেলা সোয়া ১১টায় ওই পথসভায় তিনি আবারও আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ সময় এরশাদ আগামী নির্বাচনে গোলাপগঞ্জ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেন। আজকের এ পথসভায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গতকাল শনিবার সকালে ঢাকা থেকে টিপাইমুখ বাঁধ অভিমুখে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির দুই দিনব্যাপী লংমার্চ শুরু হয়।গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক পথসভায় এরশাদ টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে অবস্থান ঠিক করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।