ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান
একদলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ‘খায়েশ অপূর্ণ রেখে’ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম।আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তরিকুল ইসলাম এ আহ্বান জানান। মহানগর নাট্যমঞ্চে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। এই সরকারকে ‘অপদার্থ’ ও ‘ব্যর্থ’ উল্লেখ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, এই সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জিয়াউর রহমানের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন অবশ্যম্ভাবী করে তোলার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি জিতবে, এটি বুঝতে পেরে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।গণতন্ত্র হুমকির সম্মুখীন দাবি করে ‘দেশ রক্ষায়’ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বচন দেওয়ার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার যতই ছলচাতুরি, কলাকৌশল, দমন-পীড়ন করুক, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করুক, সবই ব্যর্থ হবে।মওদুদ আহমদ জিয়াউর রহমানের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। জিয়াউর রহমানের মতো ‘রাষ্ট্রনায়ক’ শতাব্দীতেও আসবে না বলে তিনি মন্তব্য করেন।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, এই সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় আওয়ামী লীগ ৭০-এর নির্বাচনে তাদের দলের ৪৩ জন বিজয়ীকে দল থেকে বহিষ্কার করেছিল। ওই ৪৩ জনকে এবং চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ।