ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে জামায়াত সিদ্ধান্ত জানাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মাস পর আনুষ্ঠানিক বৈঠক করল চারদলীয় জোটের দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী। বৈঠকে উভয় দল সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার বলে একমত হয়েছে। তবে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে কি না, সে বিষয়ে বিএনপিকে কোনো সিদ্ধান্ত জানায়নি জামায়াত। আজ রোববার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে তারা।গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের এই বৈঠক শুরু হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দলের নেতাদের মধ্যে এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে এর আগে বিভিন্ন সময়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুর রাজ্জাক প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকালের বৈঠকে বিএনপির চেয়ারপারসন ছাড়াও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিনিধিত্ব করেন। আর জামায়াতের পক্ষ থেকে দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের ১০ জন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।রাত ১০টার দিকে বৈঠক শেষে বেরিয়ে আসেন জামায়াতের নেতারা। কী নিয়ে কথা হয়েছে—জানতে চাইলে মতিউর রহমান নিজামী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আমাদেরকে ডেকেছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের সার্বিক ব্যর্থতা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা নিয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণ এই সরকারের ব্যর্থতায় অতিষ্ঠ। জনগণ চায় আন্দোলন। আমরা জনগণের সেই চাওয়াকে পূরণ করতে চাই। আমরাও মনে করি, আন্দোলনের বিকল্প নেই।’জামায়াত কী সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে—এ প্রশ্নের জবাবে নিজামী বলেন, ‘আগামীকাল (আজ রোববার) আমাদের নির্বাহী কমিটির বৈঠক আছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলন করব—আমরা এ বিষয়ে নৈতিকভাবে একমত পোষণ করেছি।’জামায়াতের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারপারসন লেবার পার্টি, ইসলামিক পার্টি, জনতা পার্টি, ডেমোক্রেটিক লীগ, মুসলিম লীগসহ ছয়টি ছোট দলের নেতাদের সঙ্গে কথা বলেন।