চট্টগ্রামে মহিউদ্দিনের সংবাদ সম্মেলন
ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান
আগামী ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত ও নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।’মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি মেয়র প্রার্থী। সবাইকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব। যাঁরা আসবেন, তাঁরা কাজ করতে পারবেন। যাঁরা আসবেন না, তাঁরা দল থেকে ছিটকে পড়বেন।’ তিনি আজ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বর্ণনা দিয়ে বলেন, ‘নির্বাচন সরব হয়ে আসছে। মেয়র পদে বিজয় দলের প্রেস্ট্রিজ ইস্যু। তাই আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়ব।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দিন, নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত চট্টগ্রামের নেতা ও সাংসদদের নাম উল্লেখ করলেও তিনজনের নাম বলেননি। এ তিনজন হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন। তাঁরা চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিনের প্রতিপক্ষ বলে পরিচিত।এ সম্পর্কে প্রশ্ন করা হলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যাঁদের বয়স কম, তাঁদের বেশি স্বীকৃতি না পাওয়াই ভালো।’ঢাকার ওই বৈঠকে সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন না। এ সম্পর্কে মহিউদ্দিন বলেন, ‘তাঁরা সভানেত্রীর নির্দেশ মানতে বাধ্য।’ বর্তমানে বিদেশে অবস্থানরত এই দুই সাংসদ নির্বাচনে মহিউদ্দিনের বিরোধিতা করছেন।