ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবিলার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ সোমবার দুপুরে হোটেল রূপসী বাংলায় সৌজন্য সাক্ষাতের পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের নেতারা এ অঙ্গীকার করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও তাঁরা আলোচনা করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন সোনিয়া গান্ধী। সম্প্রতি নরওয়েতে জোড়া হামলার ঘটনা নিয়েও আলোচনা করেন দুই নেত্রী। এ সময় তাঁরা বলেন, সন্ত্রাসবাদ কোনো অঞ্চলের একক সমস্যা না, এটি সারা বিশ্বের সমস্যা।আলোচনার সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবদুল করিম, সফররত ভারতের গৃহায়ণ, দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতিমন্ত্রী কুমারী সাইলেজা ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার। বৈঠক শেষে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী একান্তে কিছু সময় কথা বলেন।স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন: আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ব্যস্ততম দিন শুরু করেন সোনিয়া গান্ধী। সকাল সাড়ে আটটায় স্মৃতিসৌধে পৌঁছলে ভারতের ক্ষমতাশীল জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স—ইউপিএ) চেয়ারপারসনকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।পরে স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সোনিয়া। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। পরে সোনিয়া গান্ধী সৌধ প্রাঙ্গণে একটি ‘বকুল’ গাছের চারা লাগান।জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের পর সোনিয়া গান্ধী সকাল সোয়া নয়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখেন।