ঐক্যের ডাক দিলেন মুরসি, সংবিধানে স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গণভোটে দেশটির নতুন খসড়া সংবিধান গৃহীত হওয়ার পর তিনি এ আহ্বান জানান। পরে তিনি সংবিধানে স্বাক্ষর করেন। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গণভোটে গৃহীত খসড়া সংবিধানে স্বাক্ষর করে প্রেসিডেন্ট মুরসি একই সঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নাজুক অর্থনীতি স্থিতিশীল করতে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।মিসরের গণভোটের ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি ভোটার ইসলামপন্থী সংবিধানটির প্রতি সমর্থন দিয়েছেন। বিরোধিতা করেছেন ৩০ শতাংশ ভোটার। ফলাফল গোষণার পর বিশ্লেষকেরা বলছেন, এই সংবিধানটি ইসলামপন্থীদের সহায়তা করবে। এটি সাবেক শাসক হোসনি মুবারকবিরোধী গণবিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। প্রায় ৩০ বছরের একনায়কতান্ত্রিক শাসনের পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন হোসনি মুবারক। গণভোটের ফলকে স্বাগত জানিয়ে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদাই টুইটারে বলেন, বিপ্লবী মিসরের জন্য নতুন সংবিধান সমর্থন করায় দেশবাসীকে অভিনন্দন। মিসরের পুনর্জন্মের পর নতুন করে নারী, পুরুষ, মুসলিম, খ্রিষ্টান সবার দেশ গঠনের কাজে এগিয়ে আসা উচিত বলেও তিনি মন্তব্য করেন। মিসরের প্রধানমন্ত্রী হিশাম কানদিল বলেন, গণভোটে কেউ হারেনি। তিনি সবাইকে অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানান। প্রেসিডেন্ট মুরসির ইসলামপন্থী সমর্থকেরা বলছেন, নতুন সংবিধান গণতন্ত্র ও স্থিতিশীলতা সুসংহত করবে। তবে ফলাফল ঘোষণার পর মুরসিবিরোধী অনেক বিক্ষোভকারী রাজধানী কায়রোর প্রধান সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। নতুন সংবিধান গৃহীত হওয়ায় দেশটিতে আগামী দুই মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে।রাজধানী কায়রো, দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া ও অন্য আটটি প্রদেশে ১৫ ডিসেম্বর প্রথম দফা গণভোট হয়। দ্বিতীয় দফায় অন্য ১৭টি প্রদেশে ভোট হয় ২২ ডিসেম্বর।