ঐক্যের সরকার গঠনে হামাস-ফাতাহর আলোচনা
ফিলিস্তিনে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে প্রভাবশালী দুই সংগঠন হামাস ও ফাতাহর সঙ্গে আলোচনা চলছে। স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধাদের সংগঠন হামাসের নেতা খালেদ মেশাল এ কথা জানান বলে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।খালেদ মেশাল বলেন, তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফাতাহ নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের ব্যাপারে আলোচনা করছেন। দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতির ব্যাপারেও আলোচনা হচ্ছে।হামাসের সঙ্গে মতভেদের কারণে আব্বাসের নেতৃত্বাধীন সংগঠন ফাতাহ বেশ কয়েক বছর ধরে দেশটিতে নির্বাচন স্থগিত করে রেখেছে। খালেদ মেশাল বলেন, হামাস ও ফাতাহ পার্টির মধ্যে এখন ঐক্যের বন্ধন গড়ে তুলতে আলোচনা হচ্ছে।২০১১ সালের মে মাসে ফিলিস্তিনের সংঘাতময় এই দুটি দল একটি সমঝোতা চুক্তিতে সই করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। মেশাল বলেন, ‘আমরা এখন সমঝোতার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছি। একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনা করছি। দেশের প্রেসিডেন্ট নির্বাচন, সংসদীয় নির্বাচন ও নির্বাহী পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে।’২০০৬ সালে দেশটির পার্লামেন্ট নির্বাচনে হামাস জয়ী হয়। পরে ফাতাহ পার্টির সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়।