ঐতিহাসিক ৭ মার্চ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/ অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।/ তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,/ হূদয়ে লাগিল দোলা,/ জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা—,/ কে রোধে তাঁহার বজ্র কণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর/ অমর কবিতাখানি:/ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেই থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের।কবি নির্মলেন্দু গুণ তাঁর ‘স্বাধীনতা, এই শব্দটি কী ভাবে আমাদের হলো’ কবিতায় যে বিশেষ দিনের বঙ্গবন্ধুকে চিত্রায়িত করেছেন, সেদিন ছিল ১৯৭১ সালের ৭ মার্চ। আজ আবার বাঙালি জাতির জীবনে এসেছে সেই ঐতিহাসিক দিন, সাতই মার্চ।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সামনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর সেই অজেয় বজ্রকণ্ঠ আজও কাঁপন ধরায় বাঙালির রক্তে। আলোড়ন তোলা সেই আহ্বানের জন্যই যেন বাঙালি জাতি অধীর অপেক্ষায় ছিল। বিদ্যুত্ বেগে সেই আহ্বান সারা দেশে ছড়িয়ে পড়েছিল। ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানে স্বাধীনতার জন্য উন্মুখ জাতি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েছিল।বেলা তিনটা ২০ মিনিটে বঙ্গবন্ধু যখন রেসকোর্স ময়দানে উপস্থিত হন, তখন লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। মুহুর্মুহু স্ল্লোগানে প্রকম্পিত চারদিক, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা।’সেদিন বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’কমিউনিস্ট বিপ্লবীদের সংগঠন পূর্ব বাংলা সমন্বয় কমিটি স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার জন্য গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে। ‘আঘাত হানো, সশস্ত্র সংগ্রাম শুরু করো। জনগণের স্বাধীন পূর্ব বাংলা কায়েম করো।’রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সাতই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে।বাণী: দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘আমি এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অনন্যসাধারণ নেতৃত্বে বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে।’ রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ “সোনার বাংলা”য় পরিণত করার বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। ক্ষুধা, দারিদ্র্য ও অশিক্ষার মতো সামাজিক নানা কুসংস্কারের বিরুদ্ধে আমাদের আজও সংগ্রাম করতে হচ্ছে।’ রাষ্ট্রপতি দলমতনির্বিশেষ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ওই ভাষণের দিকনির্দেশনাই ছিল সে সময়ের বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দিন বদলের সনদ বাস্তবায়ন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’