ঐতিহাসিক ৭ মার্চ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি স্মরণীয় হয়ে আছে। সেদিন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রকৃতপক্ষে জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুর ওই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। বঙ্গবন্ধুর ওই ভাষণ সমগ্র জাতিকে উদ্বেলিত করেছিল। সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা জুগিয়েছিল। ৪২ বছর পর, আজও ভাষণটি সব স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আজ দেশের শহর-বন্দর-গ্রাম সর্বত্র ভাষণটি মাইকে বাজানো হবে। দিনটি উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।’ পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে সব শ্রেণী-পেশার মানুষের ঐকান্তিক সহযোগিতা ও সমর্থন চাই।’প্রধানমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশ থেকে ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ও সন্ত্রাস চিরতরে দূর করতে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ ‘ঐতিহাসিক ৭ মার্চ’ হিসেবে দিনটি পালন করবে। প্রতিটি মানুষের হূদয়ে অনুরণিত হবে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের সেই আহ্বান—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আওয়ামী লীগ দিবসটি পালন উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গণতান্ত্রিক লীগ সোহরাওয়ার্দী উদ্যানের ‘স্বাধীনতা মঞ্চে’ বিকেল সাড়ে চারটায় এক আলোচনা সভার আয়োজন করেছে।