শহরে যখন সাঁঝবাতি জ্বলে, হ্যালোজেনের আলো ছড়িয়ে পড়ে সার্ক ফোয়ারার মোড়ে। ঘরমুখো মানুষের সমস্ত দিনের পরিশ্রান্ত চোখ দুটোয় একটু হলেও শান্তির পরশ বুলিয়ে যায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের দৃষ্টিনন্দন ভবনটি। এর ঝলমলে আলো আর চোখ-ধাঁধানো সৌন্দর্য যেন আঁধারের বুকেও নিজের আভিজাত্যকে জানান দেয়। জমকালো পার্টিতে বিনোদন থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোরাঁয় খাওয়া। সুইমিং পুলের নীল রঙের ঢেউ-জাগানিয়া জল। জিমনেশিয়ামে গিয়ে চনমনে হওয়ার সুযোগ। হোটেলের আরামদায়ক কক্ষগুলো তো রয়েছেই। এই পাঁচতারকা হোটেলটির ভান্ডারে এত কিছু আছে বলেই বোধ হয় তিন দশক ধরে জমা সাফল্য আর প্রশংসার ঝুলিটাও বেশ বড়সড়।এশিয়াজুড়ে প্যান পাসিফিক হোটেলের খ্যাতি অনেক দিনের। সিঙ্গাপুরের ইউওএল গ্রুপ লিমিটেডের বণিকেরা ১৯৮১ সালে বাংলাদেশে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও প্রতিষ্ঠা করেন। প্যান প্যাসিফিক গ্রুপের পরিচালনায় এ হোটেলটির মালিক কিন্তু বাংলাদেশ সরকার। হোটেল থেকে প্রাপ্ত আয়ের পুরোটাই সরকারি কোষাগারে জমা হয়।পুরো হোটেলটি সম্পর্কে ধারণা পেতে হলে অবশ্যই এর অন্দরমহলে একটু ঢু মেরে আসা দরকার। প্রধান ফটক পার হতেই নির্মল সবুজের আঁচ চোখ জুড়ানোর মতোই। রিসেপশনের দরজা গলিয়ে ভেতরে পা রাখতেই নাকে ভেসে আসে হোটেল লবির মিষ্টি সুবাস। লবি লাউঞ্জে থরে থরে সাজানো আরামদায়ক সোফা। লাউঞ্জের ডান পাশে রয়েছে হোটেলের মূল কাউন্টার। অন্য পাশে কাচের দেয়ালের বাইরেই রয়েছে সুদৃশ্য ফোয়ারা আর স্বচ্ছ জলের ধারা। অপরূপ স্থাপত্য আর নির্মাণশৈলীতে তৈরি এই ফোয়ারাটি আবার ঘিরে রেখেছে ছোট্ট একটি রেস্তোরাঁকে। মৃদু সুরের সিম্ফনিতে লবি লাউঞ্জে বসে সকালের অথবা বিকেলের চা-কফির কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন প্রিয়জনের সঙ্গে। ২৭৭টি কক্ষবিশিষ্ট এ হোটেলে আবার ১১ রকমের কক্ষের দেখা মিলবে। কক্ষের আকার, সুযোগ-সুবিধা আর সেবার মান দিয়ে এসব প্রকারভেদ করা হয়েছে বলে জানালেন প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের জনসংযোগ কর্মকর্তা সাবরিনা খান। তবে হোটেলটির সবচেয়ে জমকালো ও বিলাসবহুল কক্ষ বোধ হয় এর ইন্টারন্যাশনাল স্যুটটি। হোটেলের সবচেয়ে উঁচু তলায় এই রাজকীয় স্যুটটির অবস্থান। সাবরিনা জানালেন, শুধু বাংলাদেশিদের থাকার জন্য তাদের একটি ‘এক্সক্লুসিভ অফার’ রয়েছে। বাংলাদেশের যেকোনো নাগরিক মাত্র ১০০ ডলারের বিনিময়ে সোনারগাঁওয়ের ডিলাক্স রুমে একজন সঙ্গীসহ একরাত থাকতে পারবেন। এলসিডি টিভি, ইন্টারনেট সংযোগসহ কক্ষে আরামদায়ক পরিবেশে রাত কাটানোর পর সকালে রয়েছে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা।এ তো গেল হোটেলে থাকার কথা। হোটেলটিতে অনেক সুযোগ-সুবিধা রয়েছে, যা উপভোগের জন্য হোটেলের বোর্ডার না হলেও চলে। সে ক্ষেত্রে সবার আগে সোনারগাঁওয়ের রেস্তোরাঁগুলোর কথা বলতে হয়। জলে ভাসা নৌকার মতো রেস্তোরাঁটির নাম ঝরনা। রেস্তোরাঁটির চারপাশের কৃত্রিম ঝরনা দেখতে দেখতে খেতে পারেন সামুদ্রিক যেকোনো খাবার অথবা রপ্তানি করা মাছ কিংবা মাংসের পদ। সম্পূর্ণ ইতালিয়ান পদ দিয়ে সাজানো আছে কিয়াও রেস্তোরাঁ। তবে একটু বেশি ভোজনরসিকদের জন্য আরামদায়ক হবে ক্যাফে বাজার। খাবারের ম-ম গন্ধে আর খানেওয়ালাদের খাওয়ার উৎসবে সারা দিনই মুখরিত থাকে ক্যাফে বাজার। হোটেলের নিচতলার এই রেস্তোরাঁয় মেন্যু দেখে খাবারের ফরমায়েশ দেওয়া যায়। আবার আছে ব্যুফে খাবারের ব্যবস্থাও।সোনারগাঁওয়ের নীল জলের সুইমিং পুলে সাঁতার কেটে কিংবা জিমনেশিয়ামে খাটাখাটি করার পর খানিকটা ক্ষুধা জাগলে পুল ক্যাফেতে একটা চক্কর দিলে মন্দ হয় না। হালকা নাশতা ও পানীয় মুখে দিয়ে শরীরের ফুরফুরে ভাবটা আবার ফিরিয়ে আনতে পারেন। পাঁচ তারকা এ হোটেলটির আরও একটি বড় সুবিধা হলো, এখানে রয়েছে ছয়টি আন্তর্জাতিক মানের ব্যাঙ্কোয়েট রুম। ৭৮০ বর্গমিটারের গ্র্যান্ড বলরুম থেকে শুরু করে ৪৩ বর্গমিটারের তিতাস পর্যন্ত রয়েছে। সভা, সেমিনার, পারিবারিক অনুষ্ঠান, গোলটেবিল, ব্যবসায়িক সভা সবকিছুই করা সম্ভব চিত্রা, মেঘনা, নিরালা, সুরমা, তিতাস ও গ্র্যান্ড বলরুম নামের এই ব্যাঙ্কোয়েটগুলোয়। নির্বিঘ্নে সভা-সেমিনার করা যায় বলেই বোধ হয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কাছে সোনারগাঁওয়ের চাহিদা এখনো তুঙ্গে বলে জানাল হোটেল কর্তৃপক্ষ।তবে ঐতিহ্য আর আভিজাত্যই বোধ হয় প্যান প্যাসিফিক সোনারগাঁওকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। তা না হলে কি আর মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট বিল ক্লিনটন থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কফি আনানদের মতো মহারথীর পদধূলি পড়েছে সোনারগাঁওয়ের অন্দরমহলে।