ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব কাল শুরু
‘সৌন্দর্য, সাহসের যত গল্প’ স্লোগান নিয়ে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আয়োজনে ১২ দিনব্যাপী অদম্য চট্টগ্রাম উৎসব। বিকেল চারটায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উৎসব আয়োজনের বিষয়ে ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান রইসুল হক বলেন, ‘সৌন্দর্য আর অদম্য শক্তিতে ঘুরে দাঁড়ানোর অসংখ্য গল্পই চট্টগ্রাম। উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামের গৌরবময় অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চট্টগ্রামের সম্ভাবনাময় ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে চাই।’ উৎসবের আয়োজনের মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, চিয়ারত চট্টগ্রাম প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, নাট্য উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী, তারুণ্য উৎসব, খাদ্য উৎসব, চট্টগ্রাম ও বিজ্ঞানচর্চা, সাম্পানবাইচ, শিশু উৎসব, ছবির হাট, আনন্দসন্ধ্যা, ব্র্যান্ড এক্সপো ও অর্থনীতি সম্মেলন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা মঞ্চ থেকে সমবেতভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন। এতে আরও থাকবে লেজার শো ও সংগীতানুষ্ঠান। আয়োজকেরা জানান, উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। কাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি শুরু হবে উৎসবের আরও তিনটি আয়োজন। সকাল ১০টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হবে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চিত্রময় চট্টলা’। বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শুরু হবে সাত দিনের চিত্র প্রদর্শনী ‘ছবির হাট’। চট্টগ্রামের গৌরবময় ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নিয়ে বেলা তিনটায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে শুরু হবে সপ্তাহব্যাপী ‘চিরায়ত চট্টগ্রাম প্রদর্শনী’। ৩১ মার্চ বিকেল পাঁচটায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে এবং ১ এপ্রিল শিল্পকলা একাডেমীতে শুরু হবে ‘নাট্য উৎসব’। দুই কেন্দ্রেই আয়োজন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। শিল্পকলা একাডেমীতে ৩ এপ্রিল বিকেল চারটায় শুরু হবে দুই দিনের তারুণ্য উৎসব। ফুলকি মিলনায়তনে ৪ এপ্রিল বেলা তিনটায় শুরু হবে চার দিনের চলচ্চিত্র প্রদর্শনী।তিন দিনব্যাপী খাদ্য উৎসব ‘ফুড ফেস্টিভ্যাল’ শুরু হবে ৫ এপ্রিল সকাল ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে। পরদিন ৬ এপ্রিল সকাল ১০টায় ফুলকি মিলনায়তনে শুরু হবে দিনব্যাপী ‘চট্টগ্রাম ও বিজ্ঞানচর্চা’ শিরোনামে বিজ্ঞান উৎসব। ৬ এপ্রিল বেলা তিনটায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট থেকে শুরু হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সাম্পানবাইচ’। ৭ এপ্রিল সকাল ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে শুরু হবে চট্টগ্রামভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে চার দিনের ‘ব্যান্ড এক্সপো’। একই দিন বিকেল চারটায় ডিসি হিলে শুরু হবে তিন দিনব্যাপী ‘আনন্দসন্ধ্যা’।