ঐতিহ্যবাহী ইফতারি, জমজমাট চকবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারি সারি টেবিলে বাহারি সব ইফতারসামগ্রী। লোকজনের ভিড়। বিক্রেতাদের হাঁকাহাঁকি। এর মধ্যেই ক্রেতাদের দর-কষাকষি। বিকোচ্ছেও দেদার। এই দৃশ্য গতকাল মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার চকবাজারের। সূত্রাপুর থেকে ছেলেকে সঙ্গে নিয়ে ইফতারি কিনতে এসেছেন জিয়াউদ্দিন। তিনি বললেন, ‘ছোটকাল থেকেই বাপ-দাদার মুখে চকবাজারের ইফতারির সুনাম হুনছি। তাই অন্য সব বছরের মতো এবারও মজাদার ইফতারি লইতে এখানে আইলাম।’ শুধু জিয়াউদ্দিনই নন, তাঁর মতো অনেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঐতিহ্যবাহী ইফতারি নিতে চকবাজারে ছুটে আসেন। কেউ আসেন ঐতিহ্যের রেওয়াজ ধরে, কেউ আসেন নিতান্ত শখের বশে। এমনিতে চকবাজারে সারা বছর মজাদার সব খাবার মেলে। এ তালিকায় আছে খাসির তেহারি, মোরগ পোলাও, টিকা কাবাব, বোরহানি, শাহি পরোটা, পনির, পুডিং, নূরানি লাচ্ছি, ফালুদার মতো লোভনীয় খাবার। তবে পবিত্র রমজানে বৈচিত্র্যময় ইফতারসামগ্রীর সমাহার যেন চকবাজারের ঐতিহ্যবাহী খাবারে বাড়তি জৌলুশ এনে দিয়েছে। আবার কিছু কিছু খাবারের সঙ্গে মিশে আছে ঢাকার নবাব ও প্রাচীন মোগল আমলের রন্ধনশৈলী। পুরান ঢাকার ইফতারসামগ্রীর ঐতিহ্যের কথা অনেকেরই জানা। এ ঐতিহ্য শত বছরের পুরোনো।চকবাজারের বড় জামে মসজিদের সামনের চক সার্কুলার রোডজুড়েই বসে ইফতারির বাজার। জোহরের নামাজের পর থেকেই রাস্তায় সারি সারি টেবিলে ইফতারসামগ্রী সাজানো শুরু হয়। তবে আসরের নামাজের পরই বেচাকেনার আসল সময়। বেচাকেনার হুলস্থুল আর মানুষের ব্যস্ততাকে ছাড়িয়ে একটা উৎসবের পরিবেশ বিরাজ করে এলাকাজুড়ে। চকবাজারে দোকানভেদে ইফতারসামগ্রীর দামে তারতম্য দেখা গেছে। আস্ত মুরগির রোস্ট প্রতিটি ২৫০ থেকে ৩০০ টাকা, আস্ত হাঁসের রোস্ট প্রতিটি ৩০০ টাকা, খাসির রানের রোস্ট ৩০০ টাকা, কবুতরের রোস্ট প্রতিটি ৯০ থেকে ১০০ টাকা, কোয়েল পাখির রোস্ট ৫০ থেকে ৬০ টাকা, শিক কাবাব প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, জালি কাবাব (গরু) প্রতিটি ৪০ টাকা ও নার্গিস কাবাব (ডিম) প্রতিটি ৩৫ টাকা। তবে লম্বা শিকে জড়িয়ে রাখা সুতি কাবাব আর শাহি জিলাপির দিকে ক্রেতাদের ঝোঁক একটু বেশি। সামনে ভিড়তেই এগুলোর মনকাড়া গন্ধ নাকে সুড়সুড়ি দেয়। প্রতি কেজি সুতি কাবাব (গরু) ৪০০ থেকে ৫০০ টাকা, প্রতি কেজি সুতি কাবাব (খাসি) ৫০০ থেকে থেকে ৬০০ টাকা, শাহি জিলাপি প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকা, দইবড়ার বিভিন্ন আকারের বাটি ৫০ থেকে ১৫০ টাকা ও দুধে তৈরি ‘লাবাং’ প্রতি লিটার ১৪০ টাকা। বিক্রেতাদের হাঁকডাকের মধ্যেই ভেসে আসে ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভইরা লইয়া যায়’ আওয়াজ। এটা সুপরিচিত হাজি শহীদ বাবুর্চির এক পদের খাবারের নাম। দোকানের একজন কর্মচারী জানালেন, এটি পুরান ঢাকার শত বছরের ঐতিহ্যবাহী খাবার। তৈরি হয় ৩৬ প্রকারের উপকরণ আর ১৮ রকমের মসলা দিয়ে। প্রতি কেজি ৩৫০ টাকা।মাগরিবের আজান ঘনিয়ে আসতেই ইফতারির বাজারে নেমে আসে ঢিলেঢালা ভাব। সারা দিনের ক্লান্তির ছাপ দোকানদারদের চোখে-মুখে। আজানের সঙ্গে সঙ্গে চারদিক নেমে আসে ক্ষণিকের নীরবতা।