ইউরোপে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসার পরিকল্পনা ছিল আমার। ১৯৯৪ সালে যখন দেশে এলাম, পাশ্চাত্যে তখন প্রাকৃতিক জিনিসের প্রতি সতর্কতা বাড়ছিল। তখন থেকেই মাথায় ছিল, কী নিয়ে কাজ করব। বিদেশে যখন ছিলাম, তখন সাধারণ একটা টি-শার্ট ও জিনসের প্যান্টের সঙ্গে গলায় একটা গামছা রাখতাম। দেশে এলে গামছার ফতুয়া বানিয়ে নিয়ে ওখানে পরতাম। এই ভিন্নতা মানুষকে আকর্ষণ করত। আমাদের বাসায় সব সময় বিভিন্ন পেশার মানুষ আসতেন গ্রাম থেকে। তাঁদের মধ্যে তাঁতিরাও আসতেন। দেশীয় কাপড় ও অনুষঙ্গ পেতে এ জন্য খুব একটা কষ্ট হতো না। দেশে এসেই গামছা দিয়ে নতুনভাবে কী করা যায়, সেটা নিয়ে চিন্তা করতে শুরু করে দিলাম। জরি-চুমকি দিয়ে পোশাক তৈরি করে বাজারে নতুনত্ব কিছু আনা ও টিকে থাকতে পারব না বলেই এই চিন্তাটা মাথায় এসেছিল। কারণ, এটা পার্শ্ববর্তী দেশ করে। গামছাকে তো স্কার্ফ হিসেবে ব্যবহার করাই হতো। আমি এটা দিয়ে পোশাক বানালাম। ১৯৯৬ সালে আমার প্রথম পোশাকের প্রথম সংগ্রহে গামছা, চেকস প্রাধান্য পেয়েছিল বেশি। গত ১৭ বছরে আমার সংগ্রহ থেকে বেশি বিক্রি হয়েছে গামছার তৈরি সামগ্রী। দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিরা আমার তৈরি গামছার প্রশংসা করেছেন। পাশাপাশি ব্যবহারও করেছেন। তবে কচুরিপানা দিয়ে তৈরি চুড়িগুলোও প্রশংসিত হয়েছে সর্বত্র এবং বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। আমি পোশাকে যখন টাইডাই করাই, তখন যেকোনো একটা রং ব্যবহার করি। এটা দেখতেও ভালো লাগে। এর মধ্যে একটা অনন্যতা আছে। এটার জন্য ত্বকে কোনো রকম চুলকানি বা জ্বালাপোড়া হয় না। বিশ্বে এখন সবাই সচেতন হয়ে উঠছে। পুরো বিশ্ব এথনিক ফ্যাশনে চলে এসেছে। আমাদের ফ্যাশনও এখন এদিকেই যাচ্ছে। তবে এথনিক হতে হবে এমনভাবে যেন দেখলে ভাঁড় বা সংয়ের মতো না লাগে। রঙের মধ্যে একটা সারল্য থাকতে হবে। তাহলেই দেখতে ভালো লাগে। শুধু অন্যদের অনুকরণ না করে দেশীয় উপাদানের প্রতি অনুপ্রাণিত হতে হবে। ফ্যাশনে আমাদের একটা নিজস্বতা আছে। একটা পরিচয় আছে। আমাদের এই নিজস্বতার জন্যই পাশ্চাত্যে আমাদের দেশের ফ্যাশনের প্রতি বিশাল চাহিদা আছে। বাংলাদেশের আদি ফ্যাশন বলতে শাড়িকেই বোঝায়। মেয়েরা ফ্রক পরার বয়স শেষ করেই শাড়ি পরত। এর মাঝে অন্য কোনো পোশাকে যেত না। গ্রামের দিকের রংগুলোও হতো অনেক উজ্জ্বল। বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া কল্পনা করা যায় না। সালোয়ার-কামিজ সরাসরি আমাদের পোশাক নয়। গ্রামের দিকে পুরুষেরা লুঙ্গি পরত। আর না হলে পায়জামা-পাঞ্জাবি। বেশির ভাগ শাড়িতেই সুতার তৈরি নকশার পাড় থাকত। তখনকার সিল্কের ওপর প্রিন্ট নকশাও খুব সুন্দর হতো। ইদানীং শাড়িগুলোতে পুরোনো নকশার সারল্য ফিরে এসেছে। একরঙা শাড়িতে বিপরীত রঙের পাড় করা হচ্ছে। আগে বিয়ের সময় জামদানি পরার চল ছিল বেশ। একটু খেয়াল করে দেখলে বোঝা যায় যে গয়নার নকশারও পুনরাবৃত্তি হচ্ছে। আমরা ছোটবেলা থেকেই মাটির গয়না পরতাম। হালকা ও ভারী কাজ করা রুপার বালা, নথ, পায়েল, বাজুবন্ধ, চুলের কাঁটা, গলার হাঁসুলি প্রভৃতি। এ ধরনের গয়নাগুলো তরুণদের মধ্যে আবারও জনপ্রিয়তা ফিরে পেয়েছে। সাজের সময় একটু ভারী কাজ করা গয়না ছাড়াও কাঠ, পুঁতির তৈরি মালা, দুল, হাতের বালা এখন সর্বত্র জনপ্রিয়তা পাচ্ছে। আমি প্রথম শাড়ি পরেছিলাম ১০ বছর বয়সে। তখন কুমিল্লায় তৈরি চমৎকার মানের খাদির শাড়ি পাওয়া যেত। আসল খাদি তৈরি করে এমন মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে। বর্ষবরণে তখন সাদা-লাল পাড় ও হলুদ-লাল পাড় শাড়ি পরত। আমার শাড়িটার নকশা এখনো খেয়াল আছে। সাদার মধ্যে লাল প্রিন্টের টেম্পলওয়ালা শাড়ি ছিল। আমার বাবা সব সময় পয়লা বৈশাখে শাড়ি পরার কথা বলতেন। পুরান ঢাকায় র্যাংকিন স্ট্রিটে থাকতাম। পুরুষেরা সাদা লুঙ্গি পরে বের হতো। এত সুন্দর লাগত। সঙ্গে ছোট পাঞ্জাবি বা লম্বা শার্ট পরত। মাথায় থাকত অনেক ফুল। ঘুম থেকে উঠতাম অনেক সকালে। এদিনে মেয়েরা শাড়িই পরত। কেউ লালের মধ্যে সাদা পাড় দেওয়া শাড়িও পরত। পয়লা বৈশাখে সুতির কাপড় ছাড়া অন্য কিছু পরত না। কারণ, গরমটাই মুখ্য কারণ ছিল। সাজ তো বাঙালিয়ানা ঢঙে। ছেলেরা পরত পায়জামা-পাঞ্জাবি। বাংলা সংস্কৃতির একটা প্রতিফলন পাওয়া যেত সর্বত্র। শাড়ির আঁচলে মুড়ি-মুড়কি, গুড় থাকত। খেতে খেতে ঘুরে বেড়াতাম। একটা রেওয়াজ ছিল, সবার বাসায় মিষ্টির হাঁড়ি, মাছ দেওয়া হতো। পায়ে আলতা দিত। আলতার অনেক ব্যবহার হতো; যেটা এখনো ব্যবহার করা হয়। ফ্যাশনে ব্যবহার করা যায়—এমন বিশাল প্রাকৃতিক সম্পদের ভান্ডার নিয়ে আমরা বাংলাদেশে বসে আছি। এবার কলম্বো ফ্যাশন শোতে গয়নার ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছি। গয়নাগুলো পুনর্ব্যবহার-উপযোগী (রি-সাইকেল) করেছিলাম। কচুরিপানা, বেত, কাপড়ের টুকরার মতো উপকরণগুলোকে পুনর্ব্যবহার করে আধুনিকরূপে নিয়ে এসেছি। আমাদের মাটির তৈরি গয়নার আবেদন অন্য রকম। বিভিন্ন আকারে ও নকশায় তৈরি করা হচ্ছে এগুলো। দামেও খুব কম। মাঝে মাটির গয়নার প্রতি আগ্রহ কমে গিয়েছিল। কেউ খুব একটা পরত না। তখন ভারতীয় গয়নার প্রতি অনেক আকর্ষণ জন্মেছিল। তখন ধাতুর তৈরি গয়নাগুলো সবাই পছন্দ করত। এখন মাটির জিনিসের অনেক চাহিদা তৈরি হয়েছে। জুতা তৈরিতেও আমি খবরের কাগজ ব্যবহার করেছি। হাতের কাছে যে জিনিসটাই থাকে, সেটা দিয়েই কিছু না কিছু তৈরি করে ফেলি। তখন অনেকে বিয়ের সময় পাকিস্তানি কাতান পরত; যেটা এখন আমাদের বেনারসি। তখনকার দিনে ক্রুশের ব্যবহার করা হতো। নানিকে দেখতাম পেটিকোটের নিচে বা বোরকার নিচে ক্রুশের ব্যবহার করছে। ক্রুশের কাজটা ষাট-সত্তরের দশকে অনেক জনপ্রিয় ছিল। এখন আবার ফিরে এসেছে। এবার ইউরোপে ক্রুশের ওপর আমার তৈরি করা কুর্তা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বিশ্ব ফ্যাশনে অসম্ভবভাবে সাড়া পেয়েছে। এবার কলম্বো ফ্যাশন শোতে আমি ক্রুশের তৈরি টপস করেছি ছেলেদের জন্য। ক্রুশের তৈরি বড় বড় স্কার্ফ তৈরি করেছি। ট্রাডিশনাল কুর্তাকে একটু স্লিম কাটে করেছি। আমি প্যাটার্ন করে কাপড় করি। আমার পোশাকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য সৈয়দপুরে এখন ক্রুশের অনেক কাজ করছি। বাংলাদেশের ফ্যাশনে একসময় অনেক চমৎকারিত্ব ছিল। আমার কাজের মধ্যের অনেক কিছুই এসেছে ছোটবেলা থেকে দেখা জিনিসের মাধ্যমে। যেকোনো দেশের একটা মৌলিকতা থাকে। আমাদের দেশের সেই মৌলিকতাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমি যত দিন বাইরে ছিলাম, গামছার ব্যবহার বাইরে দেখিনি। বড় জমকালো দাওয়াতগুলোতে জামদানির শাড়ি পরতাম। জানতাম যে ব্র্যান্ডেড গাউন কিংবা পোশাকের চেয়ে দেশীয় উপকরণ বেশি প্রশংসা পাবে। শাড়ির বাইরে জামদানি দিয়ে স্কার্ফ, ড্রেস, টেবিল ক্লথ, স্কার্ট অনেক কিছুই এখন বানানো হচ্ছে। দেশে তৈরি মাটির দুল বা রুপার চুড়ি যখন বিদেশে পরতাম, তখন সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। এটা বাংলাদেশের! তাঁতের শাড়ি পরলে ওরা সবাই অবাক হয়ে যেত এর সৌন্দর্য দেখে। নতুনত্ব আনতে ফ্যাশনে পাঞ্জাবির সঙ্গে ওয়েস্ট কোট ব্যবহার করি আমি। তবে সবাই যেটা দেখে পাগল হয়ে যেত, সেটা হলো আমাদের কাঁথা স্টিচ। নতুনভাবে পোশাক, শাড়ি, স্কার্ফের মধ্যে এটা ব্যবহার করছি। প্রতিবছরই কাঁথা স্টিচের ওপর অনেক কাজ করি। ড্রেস বা জ্যাকেটের সামনে বা পেছনে লাগাই। এতে করে সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। আর আমার কাঁথা স্টিচগুলো সামনে-পেছনে করি, যাতে পোশাক উল্টে গেলেও দেখলে মনে হয় যে ওটাই সোজা পিঠ। এখন অনেক ঐতিহ্যবাহী নকশা ও উপকরণকে নতুন ও আধুনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এখনকার তরুণেরা অনেক রং পছন্দ করে। এ জন্য আমি খাদিতে অনেক রং ব্যবহার করি। পুরোনো জিনিস অনেক টেকসই হয়। মানুষ সব সময়ই পুরোনো জিনিসে ফিরে যেতে চায়। পুরোনো জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। ফ্যাশনও একটা বৃত্তের মতো। ঘুরেফিরে এ কারণেই পুরোনো ফ্যাশনের রং, নকশা, কাটছাঁট ফিরে আসে বারবার। ব্যবহূত হয় নানা আঙ্গিকে। ছোটবেলা থেকে আরেকটি জিনিস খুব প্রিয়, তা হচ্ছে রিকশা পেইন্ট। টিপ, জুতা, চশমা—অনেক কিছুতেই এটার ব্যবহার করেছি। এখন প্রাকৃতিক উপাদানে তৈরি পোশাক ও অনুষঙ্গের ফ্যাশনটা সবাই পছন্দ করছে; যেটা হাত দিয়ে তৈরি করতে হয়। প্রাকৃতিক ও আরামদায়ক—এমনই ফ্যাশনেবল জিনিস মানুষ চাইছে এখন। ষাটের দশকে পোশাকের একটা প্রসার হয়েছিল, সত্তরের দশকের দিকে এটা কমে গিয়েছিল। তখনকার শাড়িগুলো সাড়ে ১০ হাত হতো। লম্বায়ও একটু ছোট থাকত। কিন্তু তখনকার তাঁতের কাজগুলো খুব সুন্দর করে করা হতো। পুরোনো জামদানিতে জরি-সুতার কাজ কম হতো। বিয়ের সময় হয়তো কেউ কেউ জরি-সুতার কাজ করত। কিন্তু সুতার কাজ বেশি হতো। সীমিত কিছু রং ব্যবহার করা হতো। কিন্তু দু-তিন রঙের মিশেলটা করত চমৎকারভাবে। এক কাটের খাটো পাঞ্জাবি, কলি দেওয়া পাঞ্জাবিও এখন ফিরে এসেছে। আমি বেশির ভাগ সময়ই খাটো কামিজ বানাই। আগেও খুব বেশি লম্বা পরত না। মাছের জাল বানান যাঁরা, তাঁদের দিয়েই জালির মতো করে স্কার্ফ বানিয়েছি। এই মানুষগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন শাড়ির লম্বাটা বেশি হয়। শাড়ির আঁচল বড় হয়। আগে ছোট হতো। আমার মা-নানির শাড়িগুলো এখনো টেকসই আছে। আমাকে তৈরি করেছে ইউরোপ। কিন্তু আমি ফিরে এসেছি এ দেশের মানুষের জন্য কাজ করতে। এখন এসেছি একটা উদ্দেশ্যে। আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাই নতুনভাবে। তরুণ প্রজন্ম এখন আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি জানতে চায়। বাংলা একসময় কী নিয়ে বিখ্যাত ছিল? জামদানি, মসলিন, চেকস একসময় খুব জনপ্রিয় ছিল। এখনো আছে। আমাদের দায়িত্ব ঐতিহ্যকে আরও সামনে নিয়ে যাওয়া। আমরা যেন অন্য কোনো দেশের ফ্যাশনকে চোখ বন্ধ করে অনুসরণ না করি, সেটার জন্য পদক্ষেপ নিতে হবে। দেশীয় উপকরণ দিয়ে কাজ করার মাধ্যমে বিশ্বকে আমি চমকে দিয়েছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার কৃতজ্ঞতা সেই ৬০ শতাংশ মানুষের জন্য, যাঁদের নিয়ে আমি কাজ করছি। যাঁরা আমার ফ্যাশনের জন্য কাজ করছেন। মডেলিং, ফ্যাশন ডিজাইনে যদি আমি এক ফোঁটা সাফল্যও পেয়ে থাকি, তাহলে সেটা বাংলাদেশের মানুষের জন্য। আমি ইউরোপে পড়াশোনা করে দেশে ফিরে এসেছি গ্রামের মানুষের জন্য। আমি যা করছি, সব বাংলাদেশের মানুষের জন্য করে যাচ্ছি। বিবি প্রোডাকশন এ দেশের মানুষের জন্য। আমি একা কখনো উঠতে চাই না। আমি সব সময়ই চেয়েছি এবং চাই, আমার সঙ্গে যাঁরা ১৭ বছর ধরে কাজ করছেন, সেই গ্রামের মানুষগুলো উঠুন।অনুলিখন