ঐতিহ্যবাহী বাংলা পান চাষ ছেড়ে দিচ্ছে চাষিরা
উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ‘বাংলা পান’ চাষে ধস নেমেছে। স্থানীয়ভাবে বাংলা পানের চাহিদা থাকলেও উৎপাদন খরচ ও আয়ের সামঞ্জস্য না থাকায় অধিকাংশ চাষিই আর বাংলা পানের চাষ করছেন না। আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এই অঞ্চল থেকে ঐতিহ্যবাহী বাংলা পান হারিয়ে যেতে পারে।বাংলা পান চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মনু নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে একসময় দুই-একটি পানের বরজ ছিল। যা স্থানীয়ভাবে বাংলা পান নামে পরিচিত। নদী তীরবর্তী পলি মাটি এই পানচাষে খুবই উপযোগী। কামারচাক ইউনিয়নের মরিচা, টিকরপাড়া, টুপিরমহল, কাজীরচক, লামকান্দি, দশঘরি, চাটিগাঁও, হাজিপুর ও কাশিপুর গ্রামের প্রায় ৯০ ভাগ মানুষ এই ঐতিহ্যবাহী পানের চাষের সঙ্গে যুক্ত ছিল। চাষিরা জানান, একটি বরজ থেকে বছরে ৫০ থেকে ৬০ হাজার বা লাখ টাকাও আয় হয়। কিন্তু এখন সেই অবস্থা নেই। বাংলা পান চাষের জন্য বরজ তৈরির প্রধান উপকরণ হচ্ছে বাঁশ ও শণ। বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ায় বাঁশের উৎপাদন কমে গেছে। ফলে বাঁশের দাম আগের যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। আর শণ তো এখন প্রায় দুলর্ভ হয়ে পড়েছে। অন্যদিকে খৈল ও অন্যান্য সারের দাম বৃদ্ধি, শ্রমিকসংকট এবং শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে গেছে। মরিচা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সত্যেন্দ্র মোহন দে জানান, তাঁদের গ্রামের ৮২টির মধ্যে ৪৫টি পরিবারই পান চাষের সঙ্গে যুক্ত। এখন কেউ আর পানচাষ করছে না। একই গ্রামের শৈলেন্দ্র সেন, বিদ্যুৎ দে ও কনিকা দে জানান, সরকারি সহযোগিতার অভাবে তাঁদের অনেকের পক্ষেই লাভজনক হলেও এই পানচাষ করে টিকে থাকা সম্ভব হচ্ছে না। রাজনগর কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্রমশ এ এলাকায় বাংলা পানের চাষ কমে আসছে। বর্তমানে ২০ একর জমিতে পানচাষ হচ্ছে। বছর দুয়েক আগেও প্রায় ৩০ একর জমিতে পানচাষ হতো। প্রাকৃতিক দুর্যোগ, পাতা পচা রোগ এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা এ পানচাষ থেকে সরে যাচ্ছেন। এতে এলাকাবাসীর একটি ভালো আয়ের উৎস নষ্ট হচ্ছে।