ঐতিহ্যবাহী সাবানে যুদ্ধের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে আলেপ্পো নগরের ঐতিহ্যবাহী সাবানের উত্পাদন হুমকির মুখে পড়েছে। এটাই বিশ্বের প্রথম সাবান বলে ধারণা করা হয়।বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আলেপ্পো নগরে ঐতিহ্যবাহী এই সাবান তৈরি করা হয়। এই সাবানের জনপ্রিয়তা শুধু সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ইউরোপ ও আমেরিকাসহ এশিয়ার বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রায় দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে এই শিল্প এখন হুমকির মুখে। তুমুল যুদ্ধের কারণে প্রাণহানির ভয়ে আলেপ্পো সাবানশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা, কারিগর, উপাদান সরবরাহকারীসহ অন্যরা এলাকাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেকেই পালিয়ে গেছেন। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে শিল্পটির ভবিষ্যত্ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।কথিত রয়েছে, মিসরের রানি ক্লিওপেট্রা পর্যন্ত এই সাবানের ভক্ত ছিলেন। ১১ শতকে ইউরোপে আলেপ্পো সাবানের প্রচলন শুরু হয়। লরেলগাছের নির্যাস, জলপাইয়ের তেল ও সোডা দিয়ে আলেপ্পো সাবান তৈরি করা হয়। এতে কোনো রাসায়নিক উপাদান ও রঞ্জকদ্রব্য ব্যবহার করা হয় না।শতকের পর শতক পেরিয়ে গেলেও সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আলেপ্পো সাবানের কদর এতটুকু কমেনি। কিন্তু যুদ্ধের কারণে ঐতিহ্যবাহী এই সাবানের উত্পাদন পুরোপুরি বন্ধের উপক্রম হয়েছে।