ঐতিহ্যর তিন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর ও ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা সংস্থা ঐতিহ্য অমর একুশে গ্রন্থমেলায় তিনটি নতুন প্রকল্প চালু করেছে। প্রকল্প তিনটি হলো: ঐতিহ্য পাঠাগার প্রকল্প, ঐতিহ্য ই বুক রিডার প্রকল্প এবং ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র রচনাবলির বর্ধিতাংশ প্রকাশ প্রকল্প। গতকাল রাজধানীর পল্টনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ তিন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন আরিফুর রহমান।আরিফুর রহমান জানান, ঐতিহ্য পাঠাগার প্রকল্পের মাধ্যমে যেকোনো পাঠক ৩৯ হাজার ৯৯০ টাকায় ৫০ হাজার টাকার বই এবং ১৬ হাজার ১০০ টাকার বুকশেলফ পাচ্ছেন একসঙ্গে। ক্রেতারা ঐতিহ্যর ক্যাটালগ থেকে বাছাই করতে পারবেন তাঁর পছন্দের বই। এ প্যাকেজের ক্রেতারা অমর একুশে গ্রন্থমেলার ঐতিহ্যর স্টল ও বিভিন্ন বিক্রয়কেন্দ্রে ১৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং দিতে পারবেন। রাজধানী ঢাকাসহ সব স্থানের পাঠক, যাঁরা ঐতিহ্য পাঠাগার প্রকল্পের সাথি হবেন, এ প্যাকেজের অন্তর্ভুক্ত বই ও বুকশেলফ তাঁদের বাসা ও প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ঐতিহ্যর আইটি কনসালট্যান্ট জিয়াউল কবির জানান, ঐতিহ্য ই বুক রিডারের আওতায় পাঠক ৭১ হাজার পৃষ্ঠার বিনা মূল্যে ই বুকসহ ই বুক রিডার পাবেন ১২ হাজার ৯৯০ টাকায়। গ্রন্থমেলায় মাসজুড়ে ঐতিহ্যর স্টলে এবং ঐতিহ্যর সব শাখায় পাঠক চাইলে ছয় হাজার ৯৯০ টাকায় এ প্রকল্পে নিবন্ধিত হতে পারবেন। বাকি টাকা পরিশোধের পর আগামী ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে নিবন্ধিত পাঠক পেয়ে যাবেন ই বুক রিডার। এ ছাড়া ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র রচনাবলির বর্ধিতাংশ প্রকাশ প্রকল্পে ২০০৪ সাল থেকে ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র রচনাবলির ক্রেতাদের কথা বিবেচনা করে সেগুলো পাঁচ খণ্ডে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐতিহ্য, যা তৎকালীন প্রকাশিত রবীন্দ্র রচনাবলিতে অন্তর্ভুক্ত ছিল না। শুধু ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র রচনাবলির ক্রেতাদের জন্যই এ সুযোগ রাখা হয়েছে বলে জানান ঐতিহ্যর নির্বাহী পরিচালক আরিফুর রহমান। দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।