ঐতিহ্যের স্পর্শ
জয়নুল আবেদিন ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান। বৃহত্তর ময়মনসিংহ জেলায় তাঁর বাল্য ও কৈশোর কাল কেটেছে। কিশোরগঞ্জে তাঁর জন্ম। সহোদরার বাড়ি ধানীখোলাতেও একটা সময় কাটিয়েছেন। গ্রামীণ জীবনে বেড়ে উঠেছেন। গভীরভাবে অবলোকন করেছেন কৃষকজীবন, জেলে জীবন। গ্রামের শ্রমজীবী মানুষের সাহচর্য পেয়েছেন। তাদের দুঃখ, বেদনা, আনন্দ-উৎসবের ভাগীদার ছিলেন। পরবর্তী সময়ে এই সমাজের মানুষ ও তাদের দৈনন্দিন জীবন যাপন ছিল তাঁর ছবির বিষয়বস্তু। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় জয়নুল আবেদিন ছিলেন কলকাতায়। ক্ষুধার তাড়নায় দলে দলে গ্রামের মানুষ বাড়িঘর ছেড়ে খাদ্যের অন্বেষণে কলকাতায় ভিড় করছে। কলকাতার রাজপথে প্রতিবাদহীন এই সরল গ্রামবাসী মৃত্যুবরণ করছে। জয়নুল আবেদিন দেখতে পেয়েছেন তাঁর শৈশব-কৈশোরের সখা ও প্রতিবেশীদের এই অসহায় মৃত্যুবরণ। কালো কালিতে কলকাতার ফুটপাতে মৃত প্রতিবেশীদের ছবি এঁকেছেন গভীর মমতায় বলিষ্ঠ তুলির টানে। ১৯৪৩ সালের এই দুর্ভিক্ষের চিত্রমালা জয়নুল আবেদিনকে একজন শক্তিমান চিত্রকর হিসেবে খ্যাতি এনে দেয় উপমহাদেশে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর জয়নুল আবেদিন তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং ঢাকায় একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। তাঁরই নেতৃত্বে প্রথম ১৯৪৮ সালে এই স্কুলের যাত্রা শুরু হয়। আমাদের সম্মুখে তখন প্রশ্ন ছিল, কোথা থেকে শুরু করব আমরা। আমাদের ঐতিহ্য কী? যদিও আর্ট স্কুলে আমাদের শিক্ষাপদ্ধতির অনুসরণ ব্রিটিশ স্কুলের ধারায়, যেটা কলকাতা আর্ট স্কুলে চালু ছিল। তা সত্ত্বেও জয়নুল আবেদিনের গ্রাম বাংলার প্রতি ভালোবাসা তাঁকে লোকশিল্পের প্রতি আগ্রহী করে তোলে। আমরা দেখেছি তাঁর বৈঠকখানায় দুই আলমারি বোঝাই পুতুল, লক্ষ্মীর সরা, শখের হাঁড়ির বিরাট সংগ্রহ। সেই সঙ্গে নকশি কাঁথার একটি অপূর্ব সংগ্রহ। আমাদের তিনি এসব লোকশিল্পের নিদর্শনগুলো দেখাতেন। কীভাবে এগুলো তৈরি হয়েছে বলতেন। কিশোরগঞ্জের হাতে টেপা পুতুলের প্রতি তাঁর ছিল তীব্র আকর্ষণ। পূজা-পার্বণের সঙ্গে ছেলে-ভোলানোর জন্য এসব পুতুল তৈরি হতো। যত কম সময়ে যত বেশি পুতুল তৈরি করা যায়, ততই লাভ। যার জন্য পুতুলের গড়ন হতো অত্যন্ত সরল। কুমোরকে বাধ্য করত সরলীকরণের জন্য। কাঠের ঘোড়া, কাঠের হাতি বা নারীর যে গড়ন, তা-ও নিয়ন্ত্রণ করত কাঠ। যত সময় কম লাগবে পুতুল তৈরিতে, তত বেশিসংখ্যক পুতুল তৈরি করা যাবে। পুতুলের গায়ের রং হতো উজ্জ্বল, লাল, নীল, হলুদ, সবুজ শিশুদের আকৃষ্ট করার জন্য। আমাদের বোঝাতেন, লোকশিল্পের আকার-আকৃতি নির্ধারিত হতো প্রয়োজনের তাগিদে। মাটির হাঁড়ি, পাতিল ও বয়াম, কলসি—এ সবের আকার-আকৃতিও গড়ে উঠত প্রয়োজনমাফিক। এই প্রয়োজনের মধ্যেই লুকিয়ে থাকত নান্দনিক সুষমা। জয়নুল আবেদিন বোঝাতেন, ‘ধরো, ভাতের হাঁড়ির গড়ন, গভীরতা না থাকলে চাল সেদ্ধ করার জন্য পানি ধরবে কীভাবে? তেমনি বড় মাছ রান্না করার জন্য আরেক রকম গড়ন। ছোট মাছ সাঁতলাবার জন্য চেতলানো হাঁড়ি। লবণ, তেল, আচার রাখার কালো বা ইটারঙা বৈয়াম।’ অসাধারণ সব গড়ন। গায়ে আবার নকশা কাটা খোদাই করা। তেমনি মাটির কলসি কালো রঙের, খাবার পানির জন্য সরু মুখের পরে জালাসদৃশ পেটের গড়ন পানি ঠান্ডা রাখার বিজ্ঞানসদৃশ উপায় আবিষ্কার অবশ্যই চমকপ্রদ। কালো কলসিতে গ্রীষ্মকালে পানি ঠান্ডা হয়ে থাকত। তখন তো ফ্রিজের চল ছিল না। শুধু নকশি কাঁথায় গ্রামের মেয়েরা পুরোনো শাড়িজুড়ে, শাড়ির পাড়ের রঙিন সুতা তুলে আপন মনের মাধুরী মিশিয়ে নকশা বুনত। এখানেও বস্তুকে সরলীকরণের চেষ্টা দেখা যায় নকশাকে সহজ করার উপায় হিসেবে। জীবজন্তু, মানুষ, লতাপাতা, ব্যবহার্য তৈজসপত্র এমনকি প্রাকৃতিক দৃশ্য পর্যন্ত কী নয়ন মনোহর নকশায় সুচিকর্মের মাধ্যমে উপস্থাপিত হতো। সাদা শাড়ির পশ্চাৎপটে সাদা সুতার কী বিচিত্র তরঙ্গায়িত নকশা ফুটিয়ে তোলা হতো, তার তুলনা মেলা ভার। ছাগলের পুচ্ছ দিয়ে তৈরি তুলিতে রঙিন নকশা আঁকা হতো শখের হাঁড়িতে, লক্ষ্মীর সরায়। কুমোরপাড়ায় গেছি জয়নুল আবেদিনের সঙ্গে দেখার জন্য, শোনার জন্য। তেমনি জামদানিপল্লিতে। জামদানি শাড়ির যে নকশা, তা সম্পূর্ণ অন্যরকম, বুননের প্রয়োজনে অঙ্কের মতো মাকু চালিয়ে ধীরে ধীরে ফুটিয়ে তোলা হতো বিচিত্র রঙের পশ্চাৎপটে। দেখে আমরা বিস্ময়াভূত হতাম। সুতার কী উজ্জ্বল রং। আমরা ভেবেছিলাম, এ রঙের উজ্জ্বলতার কারণ শীতলক্ষ্যার পানি, যে পানিতে ধোয়া হতো রঙিন সুতা। জয়নুল আবেদিনের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল জামদানির কারিগরদের। যে সোফায় বসে জয়নুল আবেদিন প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করতেন, তেমনি একটি সোফায় বসে জামদানির কারিগরের সঙ্গে আলাপ করছেন। একজন সৃজনশীল মানুষকে সম্মান জানাতে জয়নুল আবেদিন কখনোই কার্পণ্য করতেন না। পাকিস্তানি আমলে একটা অলিখিত চাপ ছিল, সবকিছু ইসলামীকরণের। বাংলার ঐতিহ্য সম্পর্কে পাকিস্তানিদের ধারণা, ওটা হিন্দুয়ানি সংস্কৃতি। জয়নুল আবেদিন এটা উপলব্ধি করে একবার কলেজের বার্ষিক প্রদর্শনী সাজিয়েছিলেন বাংলার শাশ্বত উপকরণ দিয়ে। তোরণ নির্মাণ করেছিলেন বাংলার আটচালা ঘরের আদলে। ছনের চাল, বেতের ভেলকির কাজ। তোরণের দেয়ালে লক্ষ্মীর সরা, হাঁড়ির মুখ, নকশি পাখা দিয়ে সাজানো। সারা কলেজে কাঠের হাতি, ঘোড়া, পুতুলের সমাবেশ। আপ্যায়ন করেছিলেন ময়মনসিংহের নকশি পিঠা ভেজে দিয়ে। একটু পরে চেয়ে দেখি, নকশি পিঠা কেউ আর খাচ্ছেন না। কাগজে মুড়িয়ে রাখছেন। জিজ্ঞাসা করলেন জয়নুল আবেদিন। সবার একই জবাব, এত সুন্দর নকশা, খাব না, বাড়ি নিয়ে যাব। আবেদিন সাহেব হেসে বললেন, এভাবে তো নিতে পারবেন না। নষ্ট হয়ে যাবে। নিতে গেলে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই পিঠার নকশা মাটি দিয়ে তৈরি করিয়ে দিলেন জয়নুল আবেদিন। আর্ট স্কুলের প্রতিটি অনুষ্ঠানে সংগীতের ব্যবস্থা থাকত, বিশেষ করে লোকসংগীত। এই অনুষ্ঠানেও গাইতে এসেছিলেন মমতাজ আলী খান, কানাই লাল শীল, আবদুল আলীম প্রমুখ। লোকসংগীতের সুরের সঙ্গে, লোকশিল্পের নকশার সঙ্গে লোকজ জীবনটাকে আমাদের চোখে তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য। কিন্তু কখনো বলেননি অনুসরণ করো, অনুকরণ করো। আসলে ভাবনাটাকে উসকে দিতে চেয়েছিলেন তিনি। তাঁরই প্রভাবে আমরা কোন পথ নেব, সেটা আমাদের ওপরেই ছেড়ে দিয়েছিলেন। সেগুন বাগান আর্ট স্কুল ভবনে একটি লোকশিল্প প্রদর্শনীরও আয়োজন করেছিলেন। সারা বাংলার শিল্প সংগ্রহ ছিল তাতে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন কোনটা ফরিদপুরের পুতুল, কোনটা সিলেটের নকশি পাটি, কোনটি ময়মনসিংহের টেপা পুতুল, কোনটি যশোরের নকশিকাঁথা, কাঠের হাতি, ঘোড়া। পাটের শিকায় ঝুলিয়ে রেখেছিলেন শখের হাঁড়ি। কী অপূর্ব নকশার শিকা। পরবর্তী সময়ে বিত্তবানদের বৈঠকখানায় ঘর সাজানোর উপকরণ হিসেবে উঠে এসেছিল এসব সামগ্রী। সেই প্রদর্শনীতে আমাকে একটা দর্শনীয় বস্তু দেখিয়ে বলেছিলেন, বলো তো দেখি, এটা কী? আমি দেখলাম, বেশ গোল গোল করে কাটা স্বচ্ছ একটা বস্তু প্লেটে সাজানো, দেখতে অনেকটা ট্রেসিং পেপারের মতো। বললাম, স্যার, ওটা ট্রেসিং পেপার কাটা। হাসলেন জয়নুল আবেদিন। বললেন, জিনিসটা এসেছে নোয়াখালী থেকে। তোমার বাড়ি নোয়াখালী। হয়তো তুমি চিনতে পারবে। ওগুলো আসলে কাটা সুপারি। কত নরম এবং সূক্ষ্ম হাত হলে এভাবে সুপারি কাটা যায়। লোকশিল্প দিয়েই বাংলাদেশের চিত্রকলার উন্মেষ ঘটাতে চেয়েছিলেন জয়নুল আবেদিন। তাঁর স্বপ্ন ছিল একটা লোকশিল্প গ্রাম তৈরির। সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর তাঁরই স্বপ্নের ফসল। স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কারুশিল্পী ও লোকশিল্পীদের কয়েক ঘর তুলে এনে সোনারগাঁয়ে স্থাপন করবেন। তাঁরা এখানে তাঁদের সামগ্রী তৈরি করবেন। এখান থেকেই বাজারজাত করা হবে। আধুনিক শিল্পীরা তাঁদের কাজের প্রস্তুত প্রণালি দেখবেন, অনুপ্রাণিত হবেন—পরস্পরের ভাববিনিময়ের মাধ্যমে একটি নতুন শিল্পধারা গড়ে উঠবে।নতুন প্রজন্মের শিল্পীগোষ্ঠী তৈরির মানসে আর্ট স্কুলের যেকোনো অনুষ্ঠানে দাওয়াত পেতেন সমাজের আলোকিত ব্যক্তিরা। ছাত্র-শিক্ষকদের সঙ্গে তাঁদের ভাববিনিময় নতুন দৃষ্টিভঙ্গির দ্বার উন্মোচিত করবে। আমরা ছাত্রজীবনে একাসনে বসে অভিজ্ঞতার গল্প শুনেছি তাঁদের কাছ থেকে। কবি জসীমউদ্দীন, মোহাম্মদ মনসুরউদ্দিন, অধ্যাপক অজিত গুহ, ড. দানী, আবদুল গণি হাজারী, সরদার জয়েনউদ্দীন, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শামসুদ্দিন আবুল কালাম, নাজির আহমদ, আবদুল আহাদ, ফতেহ লোহানী প্রমুখ। সে সময় লেখক-শিল্পীদের নিয়মিত আড্ডা হতো, ভাববিনিময় হতো। সবচেয়ে মজার কথা, সে সময় পাকিস্তান ট্যুরিজমের ব্রশিওরে আর্ট স্কুল একটি দর্শনীয় স্থান হিসেবে উল্লিখিত হতো। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান ঢাকায় এলে আর্ট স্কুল পরিদর্শন করতেন। পোর্টফলিও হাতে মাঝেমধ্যে আমাদের নিয়ে ছবি আঁকতে যেতেন জয়নুল আবেদিন। তাঁর প্রিয় স্পট ছিল বুড়িগঙ্গা নদী ও নৌকো। সারা দিন নৌকো ভাড়া করে এদিক-ওদিক ঘুরতেন। মনমতো বিষয় পেলে ছবি আঁকা শুরু করতেন। আমরা প্যালেটে রং গুলে দিতাম। একদিনের ঘটনা বলি। সারা দিন নৌকো নিয়ে ঘুরছেন, ছবি আর আঁকছেন না। জিজ্ঞাসা করতেই জবাব দিলেন, ‘মিয়া নৌকোর দুলুনিটা আগে অনুভব করি। তারপর না ছবি আঁকা।’ ঐতিহ্যের সবকিছুই স্পর্শ করেছেন জয়নুল আবেদিন। সে স্পর্শ দিয়ে আমাদের স্পর্শ করেছেন। বাংলাদেশের ভৌগোলিক অস্তিত্ব আমাদের জানা ছিল। জানা ছিল না তাঁর প্রাণের অস্তিত্ব, যে অস্তিত্বের দৃষ্টিগ্রাহ্য রূপ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর রূপ। সে রূপের সন্ধান জয়নুল আবেদিন আমাদের দিয়েছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা জয়নুল আবেদিনকে আমাদের গুরু হিসেবে পেয়েছিলাম। জন্মভূমি বাংলাদেশের আসল রূপের সন্ধান তাঁর সান্নিধ্যে না এলে হয়তো কোনোদিনই পেতাম না।