ঐশী ও সুমিকে জিজ্ঞাসাবাদে আইন লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী খুনের ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমান এবং গৃহকর্মী খাদিজা খাতুন সুমিকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে শিশু আইন ও জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণ করার সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গত সোমবার এ ব্যাপারে কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।ঐশী ও সুমিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে তাদের বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছেন। তবে শিক্ষাসনদ অনুযায়ী ঐশীর বয়স ১৭ এবং সুমির আনুমানিক ১২ বছর।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এই দুই শিশুকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ পেয়েছে কমিশন। এ কারণে প্রতিটি ক্ষেত্রে আইন যাতে অনুসরণ করা হয়, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে তার অনুলিপি দেওয়া হয়। তিনি বলেন, শিশু আইনের সংশোধনী আজ বুধবার থেকে কার্যকর হওয়ার কথা। এ ক্ষেত্রে আইন কার্যকরের জন্য বসে না থেকে আগে থেকেই সেই আইনের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত ছিল পুলিশের।মানবাধিকার কমিশনের চিঠির ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, ১৯৭৪ সালের শিশু আইন মেনেই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়নি।১৯৭৪ সালে প্রণীত শিশু আইনে ১৬ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। কিন্তু আজ থেকে কার্যকর নতুন আইনে শিশুর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ১৮ বছর। জাতিসংঘ শিশু অধিকার আইনেও ১৮ বছর পর্যন্ত বয়সীদের শিশু বলা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দাবি, নতুন আইন কার্যকর হওয়ার আগেই ঘটনাটি ঘটেছে। তাই ঐশী বিচারের ক্ষেত্রে শিশু হিসেবে সংশোধিত আইনের সুবিধা পাবে না। কিন্তু গৃহকর্মী সুমি শিশু হিসেবে আগের আইনের সুবিধা পাবে। অভিযোগের সত্যতা পেলে সুমির বিচার হবে শিশু আদালতে।আদালত সূত্র জানায়, ঐশী ও সুমির বয়স নির্ধারণে তদন্তকারী কর্মকর্তা শহিদুল্লাহ প্রধান আদালতে আবেদন জানিয়েছেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন। এখন পরীক্ষার মাধ্যমে তাদের বয়স নির্ধারণ করা হবে।এ দুজন ছাড়াও ঐশীর বন্ধু মিজানুর রহমান ওরফে রনিকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ খুনের ঘটনায় এখন পর্যন্ত আর কেউ গ্রেপ্তার হয়নি।জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, ঐশী পুলিশকে জানিয়েছে, ঘটনার রাতে তার বন্ধু জনি ও আরেকজন তাদের বাসায় গিয়েছিল। এরাই তার মা-বাবাকে খুন করেছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আরও দুজনকে সন্দেহ করা হচ্ছে। এদের পাওয়া গেলে সবকিছু স্পষ্ট হবে।