পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের শিক্ষানবিশ কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঐশী রহমান ২৪ আগস্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একই দিন রিমান্ড শেষে তাদের গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমিও আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণের পর আদালত ওই দিন ঐশী ও সুমিকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন রাত নয়টায় তাদের কিশোরী উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়।পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ ১৬ আগস্ট সন্ধ্যায় চামেলীবাগের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। ১৪ আগস্ট দিবাগত রাতে তাঁদের হত্যা করা হয়। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে তাঁদের মেয়ে ও-লেভেল পড়ুয়া ঐশী রহমান। পরে সুমিকেও থানায় নেওয়া হয়। এরপর আটক করা হয় ঐশীর বন্ধু রনিকে। রনি বর্তমানে রিমান্ডে রয়েছে।