ঐশ্বরিয়ার অভিনয়ের সমালোচনা করলেন ভ্যালেরিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য লাস্ট লিজিওন’। একই শিরোনামের ইতালিয়ান উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছিলেন কলিন ফার্থ, বেন কিংসলের মতো খ্যাতনামা অভিনয়শিল্পীরা। ছবিটিতে ঐশ্বরিয়ার দুর্বল অভিনয়ের সমালোচনা করলেন ‘দ্য লাস্ট লিজিওন’ উপন্যাসের রচয়িতা, ইতালিয়ান প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ এবং টিভি ব্যক্তিত্ব ভ্যালেরিও ম্যাসিমো ম্যানফ্রেদি।সম্প্রতি এক আলাপচারিতায় ভ্যালেরিও বলেছেন, দ্য লাস্ট লিজিওন ছবির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। তবে তিনি চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা মূল উপন্যাস থেকে সম্পূর্ণই ভিন্ন। ভ্যালেরিও এর বরাতে আইএএনএস জানিয়েছে, উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের প্রতি একরকম অবিচারই করেছেন অ্যাশ। ছবিটিতে ঐশ্বরিয়ার অভিনয় দেখে ভ্যালেরিওর মনে হয়েছে, যেন শিশুতোষ কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। ভ্যালেরিও আরও বলেছেন, ‘তাঁর অসাধারণ মায়াবী দুটি চোখ রয়েছে। অভিনয়ের সময় তিনি যদি আরেকটু বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেন, তাহলে পুরো ছবির মানটাই অন্যরকম হতে পারত। আর ছবিটির সম্পাদনার কাজ নিয়েও আমি ভীষণ অসন্তুষ্ট। আমার কাছে তো এটিকে ভিডিও গেম বলেই মনে হয়েছে।’