ঐশ্বরিয়ার জন্য অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার বিষয়টি বহুমাত্রিক। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রিয়জনের জন্য অপেক্ষার বিষয়টি মধুর হয়। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য এমনতর মধুর অপেক্ষাতেই দিন গুনছেন সময়প্রার্থী বলিউডের প্রযোজকেরা। কবে ঐশ্বরিয়া তাঁদেরকে ছবির জন্য সময় দেবেন ধৈর্য ধরে সে ক্ষণটির জন্যই আশায় বুক বেঁধে অপেক্ষাতে আছেন তাঁরা। অবশ্য অপেক্ষমাণ এ প্রযোজকেরা এ কথা ভালো করেই জানেন যে ঐশ্বরিয়ার এই সময় না দেওয়ার বিষয়টি তাঁর ইচ্ছাকৃত কোনো বিষয় নয়। মাত্র কিছুদিন আগে মা হয়েছেন ঐশ্বরিয়া, এ সময় একজন মায়ের যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয় বিষয়গুলো বুঝেশুনেই প্রযোজকেরা সানন্দচিত্তে অপেক্ষার নীতি নিয়েছেন।সব কিছু সামলে উঠে আবারও টিনসেলে ফেরার জন্য যে সময়টুকু প্রয়োজন ঐশ্বরিয়ার সে সময়টুকু তাঁর প্রাপ্যও বটে। এদিকে এএনআই এক খবরে জানিয়েছে, ছোট্ট বেটি বির বয়স কমপক্ষে এক বছর না হলে ঐশ্বরিয়া ছবিপাড়ামুখো হবেন না। সে ক্ষেত্রে প্রযোজকদের ন্যূনতম আরও আট থেকে নয় মাস অপেক্ষা করতে হবে।বলিউডের কয়েকজন প্রযোজক শুধু অপেক্ষায় থাকা নয় ঐশ্বরিয়ার কাছে আগাম বার্তাও পৌঁছে দিয়েছেন, তাঁরা এ সময়টুকু সানন্দেই অপেক্ষা করবেন। ঐশ্বরিয়া রাই বচ্চন বলে কথা! অপেক্ষা না করে আর উপায় কি।