ঐশ্বরিয়ার রহস্যময় ‘না’
ব্র্যাড পিট অভিনীত ‘ট্রয়’ ছবিতে অভিনয়ের লোভনীয় সুযোগটি ঐশ্বরিয়া রাই কেন হাতছাড়া করেছিলেন তা আজ অবধি এক রহস্য হিসেবেই রয়ে গেছে। শেষ পর্যন্ত ঐশ্বরিয়াকে ছাড়াই ২০০৪ সালের ১৪ মে মুক্তি পেয়েছিল ট্রয়। অবশ্য একই বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘ব্রাইড অ্যান্ড প্রিজুডিস’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। আর সেটাই ছিল তাঁর অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। অথচ ট্রয়ই হতে পারত তাঁর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র।ট্রয় ছবির কাজ শুরুর সময় ব্রিসেইস চরিত্রে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিতে চেয়েছিলেন হলিউডের বর্ষীয়ান চিত্র পরিচালক উলফগ্যং পিটারসেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ব্র্যাড পিটের মতো তারকার অন্তর্ভুক্তি সত্ত্বেও লোভনীয় সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত ব্রিসেইস চরিত্রে নেওয়া হয়েছিল ‘ব্রাইডসমেইডস’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্নকে।পরবর্তী সময়ে আরও কয়েকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয়ের সুবাদে সৌন্দর্যের পাশাপাশি অভিনয় দক্ষতার জন্যও প্রশংসিত হয়েছেন ৩৮ বছর বয়সী এই ভারতীয় তারকা। সেগুলো ছবির মধ্যে রয়েছে ‘দ্য মিসট্রেস অব স্পাইস’ (২০০৫), ‘প্রোভোকড’ (২০০৭), ‘দ্য লাস্ট লিজিওন’ (২০০৭) এবং ‘দ্য পিংক প্যান্থার ২’ (২০০৯)। কিন্তু ব্র্যাড পিটের সঙ্গে ট্রয়ের মতো বিখ্যাত কাহিনির ছবিতে অভিনয়ের প্রস্তাব কেন ঐশ্বরিয়া ফিরিয়ে দিয়েছিলেন, এ বিষয়টি আজও এক রহস্যময় প্রশ্ন হয়েই রয়ে গেছে।