ও আমার ছোট্ট শহর
ইতিহাসে বেথলেহেমের ঠাঁই হয়েছিল এক তীর্থযাত্রার মাধ্যমে। দুই হাজার বছর আগে মেরি ও জোসেফ তাঁদের শিশুপুত্রের ভূমিষ্ঠ হওয়ার নিরাপদ জায়গার খোঁজে এ শহরের উদ্দেশে যাত্রা করেছিলেন। এই বেথলেহেমেই এসেছিলেন তিন জ্ঞানী পুরুষ; যে শিশুটি জন্মাবে তাকে দেখতে। যে তাঁদের পাপ থেকে উদ্ধার করবে, সেই শিশু খ্রিষ্টকে স্বাগত জানাতে অনেক দূর থেকে তাঁরা এসেছিলেন। শত শত বছর ধরে তীর্থযাত্রীরা সেই শুভ জন্ম স্মরণে এ শহরপানে ছুটেছেন।আজ যখন ক্রিসমাস উদ্যাপিত হচ্ছে, তখন কি খ্রিষ্টান কি অখ্রিষ্টান—সবাই-ই এ শহরের কথা মনে করবে। আজ তারা তাদের প্রার্থনায় একে ধন্যবাদ জানাবে। তবে, সেই তিন জ্ঞানী ব্যক্তি, সেসব রাখাল এবং মরিয়ম ও ইউসুফের পথরেখা ধরে ধরে সেই নগরে কেউ পৌঁছাতে চাইলে দেখবে, পথ আগলে আছে এক বাধার দেয়াল। বেথলেহেম আজ আর জ্ঞানী, ভ্রমণকারী বা তীর্থযাত্রীদের জন্য নিরাপদ আশ্রয় নয়। এর প্রবেশপথ আটকে আছে ইসরায়েলি কর্তৃপক্ষের সামরিক চেকপোস্ট। শহরটি ২৬ ফুট উঁচু কংক্রিটের দানবীয় দেয়ালের মধ্যে বন্দী। কেউ যদি এর মধ্যে ঢুকতে যায়, তাকে অবশ্যই দুই সেট এক্স-রে মেশিনের ভেতর দিয়ে যেতে হবে। যেতে হবে বন্দুকধারী, ক্যামেরা ও অন্যান্য হাইটেক যন্ত্রপাতি-সজ্জিত ভয় ধরানো করিডরের মধ্য দিয়ে। হ্যাঁ, এ সবকিছুই ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য, বিদেশি ও স্থানীয় ফিলিস্তিনিদের এ শহরে প্রবেশে নিরস্ত করার জন্য। কিন্তু নিরাপত্তার এ অজুহাত সব সময় খাটে না। যদি নিরাপত্তাই প্রধান বিবেচনা হতো, তবে কেন কেবল বেথলেহেমে প্রবেশের সময় তল্লাশি করা হয়—এখান থেকে বেরিয়ে জেরুজালেমে যাওয়ার সময় কেন নয়?ফিলিস্তিনে আগে থেকেই ক্রিসমাসে প্রচুর আনন্দ হয়। ফিলিস্তিনি মুসলমান ও খ্রিষ্টান উভয়ই মনে করে, যিশু তাদের আপন মানুষ এবং স্বাভাবিকভাবেই বেথলেহেম হয়ে ওঠে ক্রিসমাস উৎসব উদ্যাপনের মুখ্য মঞ্চ। কিন্তু প্রতিবছর বেথলেহেমে ক্রিসমাস আসে বিষণ্ন থেকে বিষণ্নরূপে। এখন এটা এক মৃতপ্রায় শহর। একসময় পর্যটকদের রাজস্ব আয়ের জন্য শহরবাসী উন্মুখ হয়ে থাকত, এখন তা বন্ধ। এর চেয়েও খারাপ হলো, শত শত বছরের পুরোনো আবাস ছেড়ে খ্রিষ্টানদের একে একে চলে যাওয়া। যাদের পক্ষে সম্ভব তারা বিদেশে চলে যাচ্ছে। আজ আমরা যারা বেথলেহেমে যিশুর জন্ম স্মরণ করে কোরাস গাইছি, বেথলেহেমের এই করুণ পরিণতির প্রতিবাদে যারা স্লোগান দিচ্ছে, তাদের সঙ্গেও কি আমাদের গলার কোরাস মেলানো উচিত নয়? আমরা যখন গোটা দুনিয়াজুড়ে ক্রিসমাস ক্যারল গাইছি, আমরা কি তখন আমাদের চিন্তায় এবং প্রার্থনার মধ্যে এ শহরটিকে স্মরণ করেছিলাম? একসময় পর্যটকেরা, তীর্থযাত্রীরা এবং রাখালেরা এখানে ঢলের মতো আসত। তাদের কাছে এটা ছিল স্ব্বর্গ। আজ এটা এক খাঁ খাঁ করা ভুতুড়ে নগর, যার বুকের মাঝখানে বসানো এক বিশাল ফাঁকা ভাঙা গির্জা এবং যার সীমানা ঘিরে আছে এক কুৎসিত কংক্রিটের দেয়াল। প্যালেস্টাইন ক্রনিকল থেকে অনূদিত।