অভাব-অনটনে ভরা দরিদ্র পরিবারে জন্ম ওদের। থাকে গাদাগাদি করে, ছোট্ট ঘরে। কেউ দিনে কাজ করেছে, পড়েছে রাতে। কেউ কেরোসিন কিনতে না পেরে দিনের আলোয় শেষ করেছে পড়া। নিজ ঘরে আলো না থাকলেও ওরা আজ পরিবার ও সমাজে আলো ছড়িয়েছে। ওরা সবাই এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।নেপাল কখনো দিনমজুর, কখনো জেলে: নেপাল চন্দ্র বর্মণের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাটিতাকান্দি জেলেপাড়ায়। সেখানে মা, তিন ভাই, বড় ভাইয়ের স্ত্রী, তাঁদের দুই সন্তানসহ সবাই গাদাগাদি করে থাকে ছোট্ট একটি ঘরে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় বাবা মোহন চন্দ্র বর্মণ মারা যান। তখন থেকে নেপাল নানা ধরনের মজুরির কাজ শুরু করে। পাশাপাশি চলে লেখাপড়া। পঞ্চম শ্রেণীতে পায় বৃত্তি। বিনা বেতনে পড়ার সুযোগ দেন শিক্ষকেরা।কিন্তু পরিবারের ভরণপোষণ, বই-খাতা কেনাসহ অন্যান্য খরচ মেটাতে পড়াশোনার পাশাপাশি কখনো দিনমজুরি ও মাছ ধরার কাজ করতে হতো তাকে। সেই নেপাল জিপিএ-৫ পেয়ে মুখ উজ্জ্বল করেছে পাটিতাকান্দি জেলেপাড়ার।ঘাটাইলের সিংগুরিয়া-লোকেরপাড়া স্যার আবদুল হালিম গজনবী উচ্চবিদ্যালয়ের শিক্ষক সবিতা সরকার বলেন, ‘কাজ করতে হতো বলে নেপাল অনেক সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকত। তবে ফিরে এসে আবার পড়াশোনা করে পুষিয়ে নিত।’বাবাকে বিনা চিকিৎসায় মরতে দেখেছে নেপাল। নেপালের ইচ্ছা, ভবিষ্যতে চিকিৎসক হবে। চিকিৎসক হতে পারলে বাবার মতো কাউকে সে বিনা চিকিৎসায় মরতে দেবে না।আলো ছড়িয়েছে জান্নাতুল: জান্নাতুল ফেরদৌসীর বাবা ইদ্রিস আলী ভাড়ায় রিকশা চালান। মা শাহানা বেগম কাজ করেন অন্যের বাসায়। মাঝেমধ্যে জান্নাতুলকেও অন্যের বাসায় কাজ করতে হয়েছে। কেরোসিন ও মোমবাতি কেনার টাকা না থাকায় বেশির ভাগ সময় তাকে পড়তে হয়েছে দিনের আলোতে। রাতে কখনোসখনো অন্যের বাড়িতেও পড়েছে।জান্নাতুল এবার আলো ছড়িয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজপাড়ায়।সেখানে অন্যের একটুকরো জমিতে একটি টিনের চালাঘরে বাবা, মা, দুই বোনসহ বাস করে জান্নাতুল। ঘরে পড়ার টেবিল নেই, চৌকির মধ্যে শুয়ে-বসে পড়াশোনা করেছে। কোনো গৃহশিক্ষক ছিল না। তবে উপজেলার মডেল বিদ্যালয়ের শিক্ষকেরা সহযোগিতা করেছেন। জান্নাতুল অষ্টম শ্রেণীতে বৃত্তিও পেয়েছিল।কথা বলতে গিয়ে ছলছল করে ওঠে জান্নাতুলের চোখ। সে বলে, ‘প্রায় দিনই না খেয়ে বিদ্যালয়ে গিয়েছি। বাড়িতে এসেও অনেক সময় খাবার পাইনি। বই কেনার টাকা ছিল না। সহপাঠী ও শিক্ষকেরা বই কিনে দিয়েছেন।’বাবা ইদ্রিস আলী বলেন, ‘নিজের জায়গাও নাই। প্রতিদিন রিকশা চালেয়া যা রোজগার হয়, তা দিয়া খাবার জোটে না। আর মেয়েটাক কেমন করি পড়াই।’ইচ্ছাশক্তি ছাড়া রাজিবের কিছুই ছিল না: এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় অন্যের জমিতে ধান কাটছিল রাজিব হোসেন ও তার বাবা মকছেদ আলী। বেলা তিনটার দিকে এক বন্ধু খবর দেয়, রাজিব জিপিএ-৫ পেয়েছে। বাবা-ছেলে দুজনই তখন খুশিতে কাঁদছিল। বাবা-ছেলের খুশিতে ভূস্বামী আমজাদ হোসেন তাদের ছুটি দিয়ে দেন।নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামে অন্যের জমিতে একটি ছাপড়াঘরে থাকে রাজিবের বাবা, মা ও এক ভাই। ওই ঘরের এক কোণে সে কুপি জ্বালিয়ে রাত জেগে পড়ত। অর্থাভাবে কখনো কখনো বিদ্যালয়ে যাওয়া বন্ধ করতে হয়েছে। তবে নিরক্ষর মা রহিমা খাতুন ছিলেন অনড়। ছেলেকে লেখাপড়া করাবেনই। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পায় রাজিব। বেড়ে যায় লেখাপড়ার ইচ্ছা। প্রত্যেক শ্রেণীতে ভালো ফল করতে থাকে।রাজিব হোসেন বলে, ‘কৈডিমা উচ্চবিদ্যালয়ের শিক্ষকসহ সবার সহযোগিতা নিয়েই ভালো ফল করতে পেরেছি। প্রতিজ্ঞা করেছি, বড় আমি হবই। এ জন্য যত পরিশ্রম করার করব।’বাবা মকছেদ আলী বলেন, ছেলের পড়াশোনার জন্য প্রয়োজনে আরও পরিশ্রম করব। সৃষ্টিকর্তা চাইলে ছেলেকে চিকিৎসক বানাবই।’মায়ের সঙ্গে ধান-গম কাটত মল্লিকা: বাবা-মায়ের দিনমজুরির টাকায় কোনোমতে চলে মল্লিকাদের সাত সদস্যের সংসার। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। তখন থেকে সে মায়ের মতোই চুক্তিভিত্তিক ধান-গম কাটার কাজ করছে। ওই টাকা দিয়ে কুপির তেল কিনে রাত জেগে পড়ত। আর দিনে কাজ করত। এভাবে দস্তমপুর ব্র্যাক স্কুল থেকে সে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। শিক্ষকেরা তাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের বন্দিয়ারা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। সে অষ্টম শ্রেণীতেও পায় ট্যালেন্টপুলে বৃত্তি।মল্লিকা জানায়, অর্থাভাবে সে প্রাইভেট পড়তে পারেনি। বৃত্তির টাকাটা নিজের এবং ছোট ভাইবোনদের বই-খাতা কেনায় খরচ করত। এ জন্য নিজের জামাকাপড় ও ক্লাসের সব বই পর্যন্ত কিনতে পারেনি। বান্ধবীদের কাছ থেকে বই নিয়ে বিদ্যালয়ের পড়া লিখে নিত।বন্দিয়ারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা সরকার বলেন, মল্লিকার যে মেধা, উচ্চশিক্ষার সুযোগ পেলে সে অনেক বড় হবে।দিনমজুর বাবা বশির উদ্দীন বলেন, ‘এলা রেজাল ত ভালো হোল কিন্তু কলেজ ত কেং করে পড়াম, মুই সাহসই পাছুনি।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আরিফুল হক, রংপুর, কামনাশীষ শেখর, টাঙ্গাইল, মুক্তার হোসেন, নাটোর, কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)]