ও কি দাড়িয়াল ভাই...
মোহাম্মদ সোহরাওয়ার্দীর সঙ্গে ড্যানিয়েল ভেট্টোরির ভালোই মিল আছে। দুজনই বাঁহাতি স্পিনার। তবে সবচেয়ে মজার মিলটি হলো দুজনেরই মুখভর্তি দাড়ি। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে কিংবা ব্যাটসম্যানকে কেমন বল করবেন, তা চিন্তা করতে গিয়ে প্রায়ই দাড়িতে হাত বুলিয়ে নেন দুজনই। মজার ব্যাপার ঘটেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও। টস করতে আসা দুই অধিনায়কের মুখেই দাড়ি। পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি আর নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। টসের পর অবশ্য আর মুখোমুখি হননি আফ্রিদি-ভেট্টোরি। নইলে আরেকটা মজা হতো, দাড়িওয়ালা এক বোলার বল করতেন দাড়িওয়ালা এক ব্যাটসম্যানের বিপক্ষে। ইংল্যান্ড ম্যাচে সোহরাওয়ার্দী যদি সুযোগ পান, তাহলে আজ চট্টগ্রামে এ রকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। ইংল্যান্ডের একমাত্র দাড়িওয়ালা খেলোয়াড় ম্যাট প্রিয়র। তাঁর বিপক্ষে সোহরাওয়ার্দী বল করলে তো লড়াইটা দাঁড়াবে দাড়িওয়ালা বনাম দাড়িওয়ালা।সোহরাওয়ার্দী ছাড়াও বাংলাদেশ দলে দাড়িওয়ালা ক্রিকেটার আছেন আরেকজন—শাহরিয়ার নাফীস। তবে আজই এই বিশ্বকাপে খেলার সুযোগ তিনি পাবেন কি না, বলা যাচ্ছে না।ক্রিকেটারদের দাড়ির কথা উঠলেই চলে আসে ইংলিশ ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ডব্লু জি গ্রেসের নাম। ১৮৮০ থেকে ১৮৯৯ পর্যন্ত টেস্ট খেলা এই ‘অমর দাড়িওয়ালা’ই সম্ভবত দাড়িওয়ালা ক্রিকেটারদের আসল রোল মডেল। পাকিস্তান অবশ্য দাড়িওয়ালা ক্রিকেটারদের উর্বর ভূমি। প্রয়াত ওয়াসিম রাজার পর সবচেয়ে বিখ্যাত দাড়িওয়ালা সাঈদ আনোয়ার। তারপর মোহাম্মদ ইউসুফ। অনেক আশা নিয়েও এই বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলতে পারলেন না পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান। তাতে কী? খেলছেন আরেক ইউসুফ—ইউসুফ পাঠান। প্রায় মোহাম্মদ ইউসুফের মতোই দাড়ি বানিয়ে ফেলেছেন ভারতের এই অলরাউন্ডারও।দাড়ি আছে ক্রিস গেইলেরও। মুখে দাড়ি নিয়েই নির্বিকার ভঙ্গিতে বলকে গ্যালারিতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। গেইলের নির্বিকার হিংস্র ভয়ংকর সুন্দর ব্যাটিংয়ের সঙ্গে দারুণ মানিয়ে গেছে তাঁর দাড়ি।তবে একেবারে শান্তশিষ্ট, ভদ্র মেজাজের মানুষ মনে হয় হাশিম আমলাকে। শান্ত ভঙ্গিতেই ক্রিজে দাঁড়িয়ে বোলারদের খুন করেন, রানের রোলস রয়েস ছোটান ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। তাঁর মাথা ন্যাড়া হলেও মুখভর্তি দাড়ি।কাট শট ভালোই খেলেন তিলকরত্নে দিলশান। শুধু ব্যাটে নয়, দাড়িতেও ভালো ‘কাট’ আছে তাঁর। মুখে ফ্রেঞ্চকাট দাড়ি নিয়ে স্কয়ার বা আপার কাট করে বলকে যখন বাউন্ডারির বাইরে পাঠান, অসহায়ভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না বোলারদের।দুই অফ স্পিনার মুরালি আর হরভজনের মুখেও আছে দাড়ি। মুরালির দাড়ি অনেকটা দিলশানের মতোই— ফ্রেঞ্চকাট। আর হরভজনের দাড়ি তো অন্য শিখদের মতোই। তবে দাড়ি থাক আর না থাক, বিশ্বকাপ জিতেই যে দীর্ঘ অভিযানে ‘দাঁড়ি’ টানতে চান সবাই, তাতে কোনো সন্দেহ নেই।