ও দুনিয়ার মজদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখর খরতাপের পর বিকেলের আকাশ ছিল মেঘলা। মে দিবসের আগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মেহনতি মানুষের জয়গান গাইলেন শিল্পীরা। গতকাল সোমবার বিকেলে গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে গান, আবৃত্তি ও নৃত্যে উঠে আসে শ্রমিক জাগরণের কথা। যুগে যুগে মেহনতি মানুষের শ্রমের অধিকার আদায়ে গণসংগীত রেখেছে অনন্য ভূমিকা। গতকাল সেই গণসংগীত অনুষ্ঠানের আলোচনায়ও উঠে এল শ্রমিকদের অধিকারের কথা। আলোচকেরা বললেন, সভ্যতাকে আধুনিক রূপ দিয়েছেন শ্রমিকেরা। মেহনতি এসব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বসবাসের উপযোগী করে তুলেছে এই পৃথিবীকে। শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার পান না। মধ্যস্বত্বভোগীরা শ্রমিকদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে মুনাফা লুটছে। আলোচক ছিলেন কামাল লোহানী, ফকির আলমগীর, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, হায়দার আনোয়ার খান, ঝুনা চৌধুরী, মান্নান হীরা, আহ্কাম উল্লাহ প্রমুখ।আলোচনা শেষে পরিবেশিত হয় গান, আবৃত্তি ও নৃত্য। শিল্পীরা গাইলেন ‘ও দুনিয়ার মজদুর’, ‘মারো জোয়ান হেইয়াহ’, ‘ঝড় উঠেছে’, ‘আমরা মানুষের জয়গান গাই’, ‘রুখে দাঁড়াও রাখিতে সম্মান’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’সহ বেশ কিছু গান।সংগীত পরিবেশন করে ঋষিজ, উদীচী, ক্রান্তি, বিবর্তন ও সারগাম। নৃত্য পরিবেশন করেন বহ্নিশিখা, ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।