আগামী শনিবার শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রচারাভিযান কর্মসূচি পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।আজ বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের উত্তর-পূর্ব কোণ (সিলেট) থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম কোণ (সাতক্ষীরা) পর্যন্ত একটি রুট ও পশ্চিম-উত্তর কোণ (পঞ্চগড়) থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব কোণ (কক্সবাজার) পর্যন্ত একটি রুটে পরিবহন ক্যারাভানের মাধ্যমে জনগণকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করার চেষ্টা চালানো হবে। এ ছাড়া মা ও শিশুস্বাস্থ্য সেবা কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচিও পরিচালিত হবে।চ্যানেল আইয়ের কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির, জ্যেষ্ঠ স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন, অধিদপ্তরের পরিচালক (আইইএম) গণেশ চন্দ্র সরকার, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিকালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ পরিবহন ক্যারাভানে চড়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রচারাভিযানে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই দায়িত্ব পালন করবে। কর্মসূচির উদ্বোধন ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কর্মসূচির সফলতার কথা তুলে ধরেন। তবে মন্ত্রী বলেন, এখনো দেশের দুর্গম কিছু এলাকায় এই কর্মসূচি বা কার্যক্রম পৌঁছায়নি। এসব দুর্বলতা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্যই এ ধরনের সপ্তাহ পালন করা হচ্ছে। সপ্তাহ পালন শেষে ফলাফলটা কী হবে, গণমাধ্যমের পক্ষ থেকে এ ধরনের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আশা করা হচ্ছে, ফলাফলটা ভালোই পাওয়া যাবে। কেননা, পথনাটক, যাত্রা, মা ও শিশুস্বাস্থ্য নিয়ে প্রচারসামগ্রী বিতরণ, বিষয়ভিত্তিক বক্তব্য প্রচারসহ বিভিন্ন কার্যক্রমে জনগণ সরাসরি উপকৃত হবে। তার পরও ফলাফল আসলে কতটুকু পাওয়া গেল, তা তলিয়ে দেখে মন্ত্রণালয়কে সার্বিকভাবে সহায়তা করার জন্য গণমাধ্যমকেই দায়িত্ব পালন করতে হবে।’ পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা এখনো ১১ শতাংশের বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থার পরিবর্তন করতে হবে। সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার আগামী বছর পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ উপকরণ মজুদ করে রেখেছে।পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে পুরুষের অংশগ্রহণ এখনো কম কেন, গণমাধ্যমের এ প্রশ্নের উত্তরে সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, পুরুষের অংশগ্রহণ এখনো কম। তবে পুরুষদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি পাল্টাতেও শুরু করেছে। এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, আগামী বছর থেকেই সরকার দেশীয় প্রতিষ্ঠানের উত্পাদিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কিনতে পারবে।সংবাদ সম্মেলনে গণেশ চন্দ্র সরকার পরিবার পরিকল্পনা মানেই শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, এর সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্যসহ সার্বিক বিষয় জড়িত—এ বিষয়েও গুরুত্ব দেন। শাইখ সিরাজ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চ্যানেল আই সরকারের এ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জ্যেষ্ঠ অনুষ্ঠান ব্যবস্থাপক ফারজানা ব্রাউনিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন ও প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে। সংবাদ সম্মেলন শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের হাতে চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।