ওঁদের নাম বার্মি-আর্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি আমাকে ডাম্পি বলতে পার’—ভীষণ লজ্জিত হয়ে বলল এডওয়ার্ড ডাম্পিউটেন্ট। কয়েকবার নানাভাবে বলার পরও তাঁর নামের পরের অংশটুকু বুঝতে পারছিলাম না, এতে যেন বেচারার নিজেরই লজ্জার শেষ নেই। এটা তাঁর বিনয় ভাবতে পারেন, তবে অন্য কাহিনিও আছে। নাম জিজ্ঞেস করার পর প্রথমে বলেছিলেন এডওয়ার্ড। পাশ থেকে তিন বন্ধু একসঙ্গে চেঁচিয়ে উঠল ‘পরেরটুকু বল, বল...।’ মানে নামের পরের অংশটুকু যে আসলেই একটু বিদঘুটে, এটা বন্ধুরাও যেমন জানে, ডাম্পিও জানে। এমন বিব্রতকর অবস্থায় তাঁকে বেশ কয়েকবারই পড়তে হয়েছে।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির বার্মি-আর্মির সঙ্গে আলাপ জমাতে গিয়ে ডাম্পির সঙ্গে পরিচয়। প্রথমেই তাঁর দিকে নজর পড়ার কারণ পোশাক। বার্মি-আর্মির বেশির ভাগ সদস্যের গায়ে তাদের ‘অফিসিয়াল ট্যুর টি-শার্ট’, কেউ কেউ উদোম গায়ে। আর ডাম্পির গায়ে বাংলাদেশের একটা জার্সি, তার ওপর চড়িয়েছেন হলুদ-কালো চেক শার্ট, মাথায় হ্যাট, আর পরনে একটা লুঙ্গি! দড়ি গিঁট দেওয়ার মতো শক্ত করে লুঙ্গিটা গিঁট দিয়েছেন, তবে তার পরও ঝুঁকি নেননি। নিচে একটা শর্ট-প্যান্টও পরেছেন। সেদিনই ছিল ডাম্পির জন্মদিন, আগেই ঠিক করেছিলেন জন্মদিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী কোনো পোশাক পরবেন। রাতেই রেলস্টেশনে শুয়ে থাকা একজনের কাছ থেকে লুঙ্গিটা কিনেছেন ১০০ টাকা দিয়ে। এমনই ময়লা, তেল চিটচিটে লুঙ্গি যে আসল রংটা বোঝার উপায় নেই। ‘এটা থেকে তো গন্ধ বের হচ্ছে’ বলতেই পাত্তা না দেওয়ার ভঙ্গিতে উত্তর, ‘সেকেন্ড হ্যান্ড তো... ফরগেট ইট!’‘তোমরা তাহলে চার বন্ধু একসঙ্গে এসেছ?’ ‘আরেকজন আছে, স্টিভ’—সামান্য দূরে বসা যে তরুণকে দেখালেন সাইমন, তাঁর চোখে-মুখে রাজ্যের অন্ধকার। বন্ধুরা ডাকার পরও এল না, বিরক্ত ভঙ্গিতে হাতটা নাড়ল একটু। ঘটনা কী? অনেক কষ্টে হাসি আটকানোর মতো করে বর্ণনা দিল ডাম্পি, ‘আজ সকালে আমরা পাঁচজন পাঁচ রিকশায় উঠে প্রতিযোগিতা করেছি হোটেল থেকে কে সবার আগে স্টেডিয়ামে আসতে পারে। আমার রিকশাওয়ালার হাড্ডিসার দেহ, রিকশাও পুরোনো। সবার পেছনে পড়লাম। স্টিভ সবার আগে, ওর রিকশা ছুটছে উল্কার বেগে। একটু পর ওদের আর দেখাই যাচ্ছিল না, আমার মনটা একটু খারাপ। স্টেডিয়ামে এসে তো অবাক, আমিই সবার আগে। ঘটনা হলো ওদের রিকশাওয়ালারা ওদেরকে পুরোনো স্টেডিয়ামে (এম এ আজিজ) নিয়ে গেছে। সেখান থেকে বুঝিয়ে-শুনিয়ে আবার এখানে আসতে হয়েছে। স্টিভ এসেছে সবার পরে!’ বন্ধুদের ক্রমাগত খোঁচা শুনতে শুনতে সকালের “হারে” এখনো মন ভার স্টিভের।’গল্প জমে উঠেছে, কিন্তু আসল কাজে ফাঁকি নেই একটুও। আসল কাজ মানে যে জন্য এতদূর আসা—ইংল্যান্ড দলকে সমর্থন। প্রতিটি বল দেখছেন। মুশফিকুর-নাঈমের জুটিটা জমে উঠেছে, বার্মি-আর্মির দায়িত্বও বেড়ে গেছে। গান গেয়ে, চেঁচিয়ে ইংলিশ ক্রিকেটারদের উৎসাহ আর চাঙা রাখছিলেন সবাই। সবকিছুতেই সক্রিয় ডাম্পিরা, কথা চলছিল কেবল এর ফাঁকে ফাঁকে।ক্রিকেট দলগুলোর ফ্যান গ্রুপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ইংল্যান্ডের বার্মি-আর্মি। মাঠের বাইরে-গ্যালারিতে যতটা সম্ভব মজা করা আর দলকে অকুণ্ঠ সমর্থন—বার্মি-আর্মির মূল কাজ। ম্যাচের পরিস্থিতি-দলের অবস্থা যাই হোক, দল যেমনই খেলুক, বিশ্বের সব প্রান্তে সব সময় ইংল্যান্ড ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে যায় তারা। সবচেয়ে মজার ব্যাপার হলো, নামটা কিন্তু ইংলিশদের চিরশত্রু অস্ট্রেলিয়ানদের দেওয়া! মিরপুরের ক্লাব হাউস গ্যালারিতে বসে ইতিহাসটা বলছিলেন এবারের সফরের প্রধান সমন্বয়ক জাইলস ওয়েলিংটন, ‘১৯৯৪-৯৫ সালের অ্যাশেজে আমরা একের পর এক ম্যাচ হারছিলাম, এমনকি সাইড ম্যাচগুলোও। কিন্তু ইংল্যান্ড থেকে যে সমর্থকেরা অস্ট্রেলিয়া গিয়েছিল, তাদের একটা অংশ তার পরও সমানে ইংল্যান্ডকে উৎসাহ দিয়ে যাচ্ছিল। এসব দেখে অস্ট্রেলিয়ান মিডিয়া এই গ্রুপটার নাম দিল বার্মি-আর্মি। বার্মি মানে পাগল, উন্মাদ, ক্রেজি ধরনের কিছু। কিছু “বার্মি” লোক আর্মির মতো অন্ধভাবে দেশকে সমর্থন দিয়ে যাচ্ছে দেখে এমন নাম। কিন্তু এই নামটা ওদের মনে ধরে গেল, গ্রুপটাকে আনুষ্ঠানিকতার রূপ চাইল তারাও। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন বার্মি-আর্মির নাম, লোগোসহ টি-শার্ট পরে সবাই মাঠে গেল। কাকতালীয়ভাবে সেই টেস্টটা জিতে গেল ইংল্যান্ড। এর পর থেকে দেশে-দেশের বাইরে ইংল্যান্ডের কোনো টেস্ট বার্মি-আর্মিবিহীন হয়নি।’লন্ডনে বার্মি-আর্মির অফিসের মতো একটা ঠিকানাও আছে। সেখানে নিয়মিত স্টাফ আছেন তিন-চারজন। কোনো সফরের আগে স্বেচ্চ্ছায়ই সমন্বয়ক হিসেবে কাজ করতে এগিয়ে আসেন কয়েকজন। ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে সদস্য নিবন্ধন শুরু হয়েছে, তবে এটা বাধ্যতামূলক নয়। ক্রিকেট খেলাটাকে ভালোবাসে, ইংল্যান্ডের জন্য আবেগ আছে আর মজা করতে ভালোবাসে—এমন সবাই চাইলে সংগঠনের অংশ হতে পারে। নিজেদের ভেতর যোগাযোগটা হয় ওয়েবসাইটের মাধ্যমে। কেউ ইচ্ছে করলে নিজের খাকা-খাওয়ার ব্যবস্থা নিজে করতে পারে, আবার কেন্দ্রীয়ভাবেও করা যায়। খরচ একটু বেশি বলে কেন্দ্রীয়ভাবে কমই আসেন। এবার বাংলাদেশ সফরেই যেমন চট্টগ্রামে ছিলেন শ দুয়েক, ঢাকায় শ তিনেক, এর মধ্যে কেন্দ্রীয়ভাবে এসেছেন ৪০-৫০ জন।‘বিশ্বের বেশির ভাগ স্পোর্টস ফ্যান গ্রুপের মতো বার্মি-আর্মির গণ্ডগোল বা ঝামেলা বাধানোর ইতিহাস খুব একটা নেই। আগে কিছু কিছু ঘটনা ছিল, বেশ অনেক দিন থেকে তো একদমই নেই’—দাবি সমন্বয়কদের একজন জর্জ সামারসাইডের। নিজ দলকে উৎসাহ ও প্রতিপক্ষকে কটাক্ষ করার জন্য বার্মি-আর্মির মূল অস্ত্র গান। ইংল্যান্ডের প্রতিটি ক্রিকেটারের জন্যই তাদের গান আছে, পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন গান তৈরিও হয়ে যায়। নতুন কেউ এলেও তার জন্য গান তৈরি হয়ে যায়। গান আছে ম্যাচের প্রতিটি পরিস্থিতির জন্যও। আর প্রতিপক্ষের ক্রিকেটারদের কটাক্ষ করার জন্যও আছে গান। দু-একটা নমুনা দেওয়া যেতে পারে—বাংলাদেশ সফরে তারা সবচেয়ে বেশি গেয়েছে ‘কুকি ইজ কুকিং।’ বাংলাদেশিদের জন্য অবশ্য কোনো গান ছিল না। তবে কপট সিরিয়াস হওয়ার ভঙ্গি করে শার্লি জানালেন, ‘বাংলাদেশ যেমন খেলছে, মে মাসের ইংল্যান্ড সফরে ওদের নিয়ে কোনো গান বাঁধতেই হবে!’ বেশির ভাগ গানই বিখ্যাত গানগুলোর প্যারোডি। মিরপুরে ২০৯ রান তাড়া করার পথে দলের রান অর্ধেক (১০৫) হওয়ার পর যে গানটি গেয়েছে তারা, সেটি জন বন জোভির কোনো একটি গানের প্যারোডি। তবে তাদের কাছে সবচেয়ে বড় ইভেন্ট অবশ্যই অ্যাশেজ। আগামী অ্যাশেজের জন্য প্রস্তুতি এখনো সেভাবে শুরু হয়নি। গতবার মোট ৩৭ হাজার বার্মি-আর্মি (ওয়েলিয়টনের দাবি) গিয়েছিল অস্ট্রেলিয়ায়, এবার টার্গেট আরও বেশি। বাংলাদেশের মানুষ আর খাবারে মুগ্ধ বার্মি-আর্মিরা। মানুষ খুবই সহজ-সরল, অল্পতেই তুষ্ট, সবাই খুব আন্তরিক, নিজে থেকেই এসে ‘হাই-হ্যালো’ বলে, ছবি তুলতে চায়—এসব হূদয় ছুঁয়ে গেছে সবার। আর এখানে আসার আগে তাঁরা নাকি ভাবতেও পারেননি এখানকার খাবার এত ভালো। এত মজার খাবার এত সস্তায় পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, এ ব্যাপারে নিশ্চিত অনেকেই। ডাম্পির জন্মদিনের লাঞ্চের কথা শুনুন, ‘স্টেডিয়ামের বাইরে ভাঙাচোরা এক হোটেলে ভাত খেয়েছি চোনা (চট্টগ্রামের এক ধরনের ডাল) দিয়ে, মাত্র সাত টাকায়। এমন মজার খাবার জীবনে খুব কম খেয়েছি।’ হয়তো একটু বাড়িয়ে বলতে পারেন, তবে তাঁর চোখ-মুখে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল সেটা মিথ্যে হতে পারেই না।ফিলিসের কাছে সবচেয়ে খারাপ লেগেছে চট্টগ্রামে হোটেলের সামনে রাস্তায় গরু জবাই হতে দেখা। কাজটা তাঁর কাছে খুব নিষ্ঠুর মনে হয়েছে। শার্লটের কাছে আবার এটাই এই দেশে সবচেয়ে মজার অভিজ্ঞতা। চার-পাঁচজন কুস্তি করে যে প্রক্রিয়ায় বেঁধে-টেধে গরুকে শুইয়ে জবাই করে, এটা তাঁর এতই মজা লেগে গিয়েছিল যে প্রথমবার দেখার পর প্রতিরাতেই ওই হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতেন। রিকশায় মজা পেয়েছেন সবাই, কয়েকজন আবার পড়ে একটু ছিলেটিলে ফেলেছেন। তবে শখ কমেনি তাতে। জোসেফ ও হানাহ দম্পতির অভিজ্ঞতা একটু অন্য রকম, ‘তোমাদের রিকশাওয়ালারা খুব চালাক। প্রথম দিন হোটেল থেকে মিরপুর স্টেডিয়াম নিল ১০ টাকা, পরে ২০, ৫০। এখন ১০০ টাকা চায়!’ ডাম্পিদের পাঁচ বন্ধুর মজার ঘটনা আছে আরেকটা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন স্টেডিয়ামের বাইরে ৫-৬টি ছেলেকে ক্রিকেট খেলতে দেখে ওরাও যোগ দিল। মুহূর্তের মধ্যে কোত্থেকে যেন চলে এল আরও কয়েকটা পিচ্চি। সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেই থাকল। কেউ এসে ওদের শার্ট ধরে টানাটানি করে, কেউ চিমটি দেয়। শেষে ওরা খেলা বাদ দিল, কিন্তু পিচ্চিগুলো আর পেছন ছাড়ে না। বাধ্য হয়ে ওরা রিকশায় উঠল, কিন্তু তবুও নিস্তার নেই, শেষে পুলিশ এসে বাঁচিয়েছে তাঁদের। সন্ধ্যার পরের সময়টা অবশ্য বেশির ভাগেরই নিরস কেটেছে। একবার গুলশানের একটি বারে গিয়েছিলেন বাম্বি, কিন্তু এমন অন্ধকার যে থাকতে পারেননি। নিজেদের মধ্যে আড্ডা আর পরের দিনের পরিকল্পনা করেই কেটেছে সন্ধ্যাগুলো। অনেকে আবার সারা দিন খেলা দেখে ফিরে রাতে আর বাড়তি কিছু করার উৎসাহ পাননি। যত জনের সঙ্গে কথা হয়েছে, সবাই এই দেশে এসেছে প্রথম এবং সবাই নিশ্চিত যে এটাই শেষ নয়। শুধু ঢাকার ট্রাফিক জ্যাম ছাড়া এই দেশের সবকিছুই তাঁদের মুগ্ধ করেছে যারপরনাই।পুরো সফরে বার্মি-আর্মিকে সবচেয়ে বেশি বিস্ময় উপহার দিয়েছে অবশ্য চট্টগ্রামের হালিশহরের ১১ বছরের স্কুলছাত্র বেলাল। বার্মি-আর্মিকে গান গাইতে দেখে বেলাল জোরে জোরে বাংলা গান গাওয়া শুরু করেছিল। বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে জর্জ সামারমাইড তাকে বার্মি-আর্মির মাঝখানে বসায়। একটু পর সবাইকে অবাক করে দিয়ে সে বার্মি-আর্মিদের গানও গাইতে শুরু করে। জর্জের দাবি, গ্রায়েম সোয়ানকে নিয়ে বাঁধা তাঁদের গান In a Swanny Super over in Chennai নাকি সবচেয়ে ভালো গায় বেলাল।শেষ করা যাক একজন দুর্ভাগা বার্মি-আর্মির কাহিনি দিয়ে। একদিন চট্টগ্রামের গ্যালারিতে ঢুকতেই সামনে এসে দাঁড়াল এক শ্বেতাঙ্গিনী, ‘রুবেল কেমন ব্যাটসম্যান বলতে পার?’ ‘১১ নম্বরে নাম দেখেই তো বোঝার কথা’ বলেই আবার জিজ্ঞেস করলাম ‘ঘটনা কী, বলা যাবে?’ ‘আমরা একটা গেম খেলছি, বাংলাদেশের সব খেলোয়াড়ের নাম লিখে লটারি করে একেকজন একেকটা তুলেছে। সর্বোচ্চ রান করা ক্রিকেটারের নাম যে তুলেছে সে পাবে পুরস্কার। আমার ভাগ্যে উঠেছে রুবেলের নাম!’ কোনোমতেই হাসিটা আটকে রাখা গেল না, আর হাসি দেখেই যা বোঝার বুঝে চলে গেল বেচারি...