তরিকুল ইসলাম, খালেদুর রহমান টিটো ও আলী রেজা রাজু— তিনজনই ছোটবেলার বন্ধু। বামপন্থা দিয়ে শুরু হলেও তরিকুল এখন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। অন্য দুজন আওয়ামী লীগের নেতা। তবে একটি বিষয়ে তাঁদের মধ্যে ঐক্য আছে। তা হলো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে তাঁরা অপছন্দ করেন।রাজনৈতিক ঐতিহ্যের শহর যশোরে ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে তাঁদের রাজনীতির হাতেখড়ি। তরিকুল বলেন, ‘অসাধারণ তবলা বাজাত টিটো। পড়াশোনায় আমাদের কারোরই তেমন খেয়াল ছিল না। পড়া ফাঁকি দেওয়ায় আবার সবাইকে ছাড়িয়ে গিয়েছিল রাজু। তবে রাজুর মতো স্বশিক্ষিত মানুষ খুব কম আছে।’আলী রেজা রাজু বলেন, টিটোরা এল ওপার বাংলা থেকে। তরিকুলরাও অভিবাসী। তবে তরিকুলরা যশোরে এসেছিল বহু বছর আগে। শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে টিটো খুব ছোটবেলায় বাবাকে হারানোর কথা বললেন। তাঁর বাবা ছিলেন যশোরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে তাঁরা তিনজনই ভাসানী ন্যাপের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছিলেন।বিএনপিতে তরিকুলের আধিপত্য: ভাসানীপন্থী ন্যাপ ১৯৭৮ সালে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিতে বিলীন হয়ে যাওয়ার সাংগঠনিক সিদ্ধান্ত নিলে বিএনপিই হলো তরিকুলের ঠিকানা। ওই সময় আনোয়ার জাহিদদের নেতৃত্বে ন্যাপের একাংশ বিএনপিতে না গিয়ে গণতন্ত্রী পার্টি নামের আলাদা দল গঠন করে। ভাসানী ন্যাপের বৃহত্তর যশোর জেলার সাধারণ সম্পাদক খালেদুর রহমান টিটো রয়ে গেলেন গণতন্ত্রী পার্টিতে। এর পরের দীর্ঘ পথপরিক্রমায় তরিকুল বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হলেন। জেল খেটেছেন, মন্ত্রী হয়েছেন। এখন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।তরিকুলের বিরুদ্ধে যশোর বিএনপির অনেক নেতা-কর্মী দলে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ করলেও মুখ খুলতে ভয় পান তাঁরা। তাঁদের মতে, নেতৃত্বে তরিকুলের সমকক্ষ হতে পারার মতো কাউকে তিনি বিএনপিতে টিকতে দেননি। এমনকি তরিকুলের কারণেই তাঁর শৈশবের প্রিয় দুই বন্ধু টিটো ও রাজু বিএনপিতে যোগ দিয়ে আবার ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।তরিকুল ইসলাম বলেন, নেতৃত্ব নয়, নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় টিটো ও রাজু বিএনপি ছেড়ে গেছেন। তাঁর এই বক্তব্যকে ‘অর্ধসত্য’ বললেন রাজু। তিনি স্বীকার করেন, ১৯৯৬ সালে যশোরের যেকোনো একটি আসনে তাঁকে মনোনয়ন দিতে তরিকুলের কাছে অনুরোধ করেছিলেন। না পেয়ে চলে গেলেন আওয়ামী লীগে এবং যশোর সদর আসনে নির্বাচন করে তরিকুলকেই পরাজিত করেন। ওই নির্বাচনে টিটো ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। সেবার রাজু ৭৫ হাজার ৭৬৯ ভোট, তরিকুল ৬৫ হাজার ৬৩৪ ভোট এবং টিটো ৬৫ হাজার ৩৭৩ ভোট পান।জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় টিটো বিএনপিতে যোগ দেন এবং ২০০১ সালের নির্বাচনে যশোর সদর আসনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে দেন।টিটোর দলবদলের রাজনীতি: খালেদুর রহমান টিটো ’৯৬ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচন করে ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে ’৯৭ সালে বিএনপিতে যোগ দিয়েই তরিকুলবিরোধী পক্ষের হাল ধরেন। ২০০১ সালের নির্বাচনে যশোর সদর আসনে মনোনয়ন না পেয়ে আর কখনো রাজনীতি না করার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রকাশ্যে বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং নবগঠিত ওই মঞ্চ থেকে আওয়ামী লীগের প্রার্থী রাজুর পক্ষে ভোট করেন। পরে আবার ২০০৬ সালের ৫ মার্চ আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৩ (সদর) আসনে বিজয়ী হন।একের পর এক দল বদলের কারণ জানতে চাইলে টিটো প্রথম আলোকে বলেন, গণতন্ত্রী পার্টি থেকে জাতীয় পার্টিতে যোগদান ছিল একটি দলগত সিদ্ধান্ত। জাতীয় পার্টি ছেড়েছেন পার্টির প্রধানের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে। বিএনপি ছেড়ে আসার কারণ হিসেবে তিনি বেগম জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী যশোর সদর আসনে মনোনয়ন না পাওয়ার কথা জানালেন।উপদলীয় কোন্দলে বিপর্যস্ত রাজু: ন্যাপ থেকে বিএনপি হয়ে আওয়ামী লীগে আসা আলী রেজা রাজু প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের পরপর যশোরে বঙ্গবন্ধুর উপস্থিতিতে আওয়ামী লীগের যে কমিটি হয়েছিল, তাতেই তিনি ছিলেন জেলা কমিটির সদস্য। তাঁর দাবি, ‘আওয়ামী লীগই আমার প্রকৃত ঠিকানা।’তা হলে বিএনপিতে কেন গিয়েছিলেন? উত্তরে রাজু বললেন, ’৭৬ সালে অজ্ঞাত কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় বিএনপিতে যান। ’৭৮ সালে বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ’৮৭ সালে সভাপতি হন। পরে ’৯৬ সালের নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসে সাংসদ হন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পান তিনি।এরই মধ্যে ২০০৬ সালে টিটো আওয়ামী লীগে যোগ দিলে রাজুর অবস্থান দুর্বল হয়। শাহীন চাকলাদার এসেই ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। পারিবারিকভাবে আওয়ামী পরিবারের হলেও শাহীন এর আগে রাজনীতিতে ছিলেন না। এর মধ্যে আবার বহিষ্কৃত হন জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক শরিফ আবদুর রাকিব।সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কাজী নাবিল আহমেদের আছে বেশ কিছু অনুসারী। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এসব কিছু মিলে রাজুর রাজনৈতিক উচ্চাভিলাস ধ্বংস হতে চলেছে। রাজু নিজে তা মানতে নারাজ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আশা করছি আগামী নির্বাচনে আমিই দলের মনোনয়ন পাব এবং মনোনয়ন পেলে নির্বাচনে যশোরের মানুষ আমাকে হতাশ করবে না।’একজন শাহীন চাকলাদার: আসছে নির্বাচনে শাহীন চাকলাদারও আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবেন। তাঁর একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম বলেন, ‘আমরা যশোরের সব মানুষ বন্ধুবান্ধবের রাজনীতি থেকে মুক্তি চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, শাহীন চাকলাদার ছাড়া আর কেউই তা পারবেন না।’শাহীন সম্পর্কে মন্তব্য করতে বললে তরিকুল ইসলাম বলেন, ‘ও তো একটা ভুঁইফোঁড়। রাজনৈতিক সংস্কৃতির কিছুই জানে না।’ আর টিটো তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন।’ রাজু বলেন, ‘সে আমার দলের সাধারণ সম্পাদক। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ওকে এ দায়িত্ব দিয়েছে। কাজেই এর বেশি জানতে হলে ওদের সঙ্গেই কথা বলতে হবে।’যশোরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই শাহীন চাকলাদারকে অপছন্দ করেন। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে চান না। যশোর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও সাবেক সাংসদ বলেন, ‘শাহীন টাকার জোরে এবং টাকা বানানোর জন্য আওয়ামী লীগে সক্রিয় হয়েছেন।’উত্তরাধিকারীদের কথা: বিএনপিতে তরিকুলের ছেলে অমিত ইসলাম এবং আওয়ামী লীগে টিটোর ছেলে মাশুক হাসান ওরফে জয় ও খালেদ হাসান ওরফে জিউসের রাজনৈতিক কর্মকাণ্ডে যশোরে এমন ধারণা জন্মেছে যে, এখানে উত্তরাধিকারের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়েছে।অবশ্য তরিকুল বলেন, ‘আমি অমিতকে জানিয়ে দিয়েছি যে তার জন্য শর্টকাট কোনো রাস্তা খোলা নেই।’ টিটো বলেন, ‘আমি ছেলেদের রাজনীতি করতে বলিনি। আবার রাজনীতি না করতেও বলব না। ওরা ওদের পথ বেছে নেবে।’মাশুক হাসান ও অমিত ইসলাম দুজনই ছাত্ররাজনীতি দিয়ে নিজেদের রাজনৈতিক জীবন শুরুর ইতিবৃত্ত তুলে ধরে উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানান। তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না, জানতে চাইলে অমিত বলেন, ‘না তো!’ মাশুক হাসানের বক্তব্য, ‘আমরা দুই দলে আছি। প্রতিদ্বন্দ্বিতা বোধ করার কোনো কারণ নেই।’