ওঁরা ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ তো মাইকেল জ্যাকসনের মৃত্যু বা মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় নয়, যে খবর শুনেই সবাই চমকে উঠবেন। অথচ তা-ই হলো। চমকে উঠলেন তাঁরা ১৬ জন।চমকে উঠলেন একটা কথা শুনে—১০ বছর হয়ে গেল! শাহরিয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট ভঙ্গিতে বলে উঠলেন, ‘সত্যি! ১০ বছর হয়ে গেল? তার মানে, আমরা বুড়ো হয়ে গেলাম।’এই ভয়টা একেবারেই অমূলক। ১০ বছর পার হোক, আর ১০০ বছর; ইতিহাস তাঁদের বুড়িয়ে যেতে দেবে না। চিরযৌবনপ্রাপ্ত হয়ে তাঁরা অমলিন হয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে—বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের ১৬ সদস্য।১০ বছর পর সেই তালিকা ধরে খোঁজ নিতে গিয়ে একটু বিস্মিতই হতে হলো। সময় সবকিছু কেড়ে নিতে ওস্তাদ। কিন্তু সময় এই ১৬ জনকে খুব একটা বিচ্ছিন্ন করতে পারেনি। দু-একজন ব্যতিক্রম ছাড়া প্রায় সবার সঙ্গে সবার দারুণ যোগাযোগ আছে। অন্তত মাসে-দুই মাসে একবার কথা বিনিময় হয়ই।সবাই ক্রিকেটে নেই, এটাই স্বাভাবিক। কেউ কোচ হয়ে গেছেন, কেউ আম্পায়ার, কেউ কর্মকর্তা, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। তবে এখনো দেশে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন সেই ১৬ জনের তিনজন—খালেদ মাসুদ, জাভেদ ওমর ও রাজিন সালেহ।রাজশাহী বিভাগীয় দলের প্রাণ খালেদ মাসুদই তাই সবচেয়ে বেশি চমকে উঠলেন যেন, ‘বলেন কি, ১০ বছর হয়ে গেল! ক্রিকেট খেলতে খেলতে সময়টা কখন পার হয়ে গেল টেরই পেলাম না।’ মাসুদ শুধু ক্রিকেট খেলে চলেছেন তা-ই নয়, রাজশাহীর বাকি সব জাতীয় ক্রিকেটারকে সঙ্গে নিয়ে একাডেমি করে এলাকার ক্রিকেটের উন্নয়নে এক মহাযজ্ঞ শুরু করেছেন।জাভেদ ওমর আপাতত সৌদি আরবে আছেন পবিত্র হজ পালনের জন্য। কিন্তু তিনি এখনো খেলোয়াড়ই আছেন। সৌদি আরব থেকেই প্রথম টেস্ট নিয়ে কথা বলছিলেন, ‘বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে সবাই বলত, জাভেদ টেস্ট খেলোয়াড়। আর প্রথম টেস্ট যখন মাঠে গড়াল, আমি একাদশে থাকতে পারলাম না। আমার এই ব্যক্তিগত কষ্টের চেয়ে প্রথম টেস্টটা অনেক বড় ব্যাপার আমাদের জাতীয় কারণে। সবকিছু ভুলে গিয়ে আমিও বুক ফুলিয়ে বলি, দেশের প্রথম টেস্টে দ্বাদশ ব্যক্তি ছিলাম আমি।’এই একই গর্ব করেন সে সময় প্রায় কৈশোরেই টেস্ট স্কোয়াডে ঢুকে যাওয়া রাজিন সালেহ। এখন সিলেট দলের খেলোয়াড় রাজিনের কণ্ঠে প্রথম টেস্টের প্রসঙ্গ আসতেই গর্বের ছোঁয়া, ‘আমি স্কোয়াডে ছিলাম, এটাই বড় কথা। দেশের অভিষেক টেস্টে আমি শচীন টেন্ডুলকারের ক্যাচ নিয়েছিলাম। সারা জীবন এই কথা বলতে পারব বুক ফুলিয়ে।’বুক ফুলিয়ে কথা সবাই বলবেন। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে দুজন ক্রিকেটার সবার আগে মাঠে পা রেখেছিলেন, সেই দুই ওপেনারের গর্ব তো অন্য রকম। শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন—দুই ওপেনারের দারুণ মিল। দুজনই এখন ক্রিকেট থেকে যোজন যোজন দূরে।নারায়ণগঞ্জে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা শাহরিয়ার শত ব্যস্ততার মধ্যেও গর্ব করে বললেন, ‘বাংলাদেশের প্রথম টেস্ট বলটা খেলেছিলাম আমি। প্রথম স্টাম্পিংও করেছিলাম। আমার কাছ থেকে সবকিছু কেউ কেড়ে নিতে পারে, এই রেকর্ড কেউ কেড়ে নিতে পারবে না।’একই রকম ব্যবসা নিয়ে ঢাকাতেই ব্যস্ত এখন মেহরাব হোসেন। পারিবারিক ও ব্যক্তিগত নানা ঝামেলাপর্ব শেষে এখন নিরিবিলি জীবনযাপন করতে থাকা মেহরাবের কাছে প্রথম টেস্টের স্মৃতিটা তাঁর পরিচয়েরই অংশ, এখনো কোথাও বেড়াতে গেলে, নতুন কারও সঙ্গে পরিচয় হলে লোকে বলে, ‘আপনি সেই অপি না? যে প্রথম টেস্টের ওপেনার ছিলেন!’এ এক দারুণ গর্বের ব্যাপার। এই গর্বের অংশীদার হবেন জানতে পেরেই তাঁদের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল। বর্তমান জাতীয় দলের নির্বাচক আকরাম খান যেমন বলছিলেন, ‘আমরা যখন ক্যারিয়ার শুরু করি, তখন টেস্ট আমাদের কল্পনাতেও ছিল না। স্বপ্ন ছিল আবাহনী-মোহামেডানে খেলব। একসময় স্বপ্নটা বড় হলো—জাতীয় দলে খেলব, আইসিসি ট্রফি জিতব, বিশ্বকাপ খেলব। তারপর স্বপ্নটা আরও বড় হয়ে টেস্ট পর্যন্ত পৌঁছাল। বুঝতেই পারেন, কেমন উত্তেজিত ছিলাম।’এতগুলো বছর পার করেও সেই উত্তেজনা আছে অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমানের কণ্ঠে। এই কিছুদিন আগ পর্যন্ত জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করা ‘দুর্জয়’ মনে করছিলেন সেই ম্যাচের কথা, ‘টস করতে নামলাম, প্রতিপক্ষ অধিনায়কও বাঙালি; বিশ্বাস করা যায়! সৌরভ শুধু বলেছিল, “লড়ে যাও”। সেই লড়াইটা অন্তত করতে পেরেছিলাম। সৌরভ-শচীনের উইকেট নিয়েছিলাম। আমরা ভালো রান করেছিলাম। অন্তত প্রথম ইনিংসটা তো আমাদের ছিল।’হ্যাঁ, তা ছিল। সেই প্রথম ইনিংস ‘আমাদের’ করে ফেলার কারিগর ছিলেন ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে অভিষেক টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলা আমিনুল ইসলাম। আমিনুল এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বড় কর্মকর্তা। এসিসির দায়িত্ব পালন করতে গিয়ে ছুটে বেড়াতে হয় মালয়েশিয়া, চীন, হংকং থেকে ব্রিটেন অবধি। আমিনুলের সুবাদেই এসিসির কোচ হিসেবে কাজ করছেন সেদিনের পেসার মঞ্জুরুল ইসলাম। চীন থেকে ফোনে প্রথম টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘সে তো স্বপ্নের এক ব্যাপার। একসময় মনে হচ্ছিল, প্রথম টেস্টটাই জিতে যাব আমরা। বুলবুল ভাইয়ের সেঞ্চুরি, দুর্জয় ভাইয়ের সেই বোলিং, সুমনের (হাবিবুল বাশার) ইনিংস—কিছুই ভুলিনি।’হাবিবুল বাশারের কথাটা ভোলা একটু বেশিই কঠিন। টেস্ট স্কোয়াডেই ছিলেন না। দেশজুড়ে বিতর্কের ঝড় উঠল, হাবিবুল ফিরলেন স্কোয়াডে। ফিরেই ৭১ রানের ম্যাজিক। সেই ম্যাজিকের কথা অবশ্য ঠিকমতো নাকি মনেই করতে পারেন না হাবিবুল।পরে দেশের সফলতম অধিনায়ক হওয়া, টেস্টে সফলতম ব্যাটসম্যান হওয়া থেকে শুরু করে আইসিএল গমন—জীবনের নানা রূপ দেখা হাবিবুল সেদিন নাকি ঘোরের মধ্যে ছিলেন!ঘোরের মধ্যে ছিলেন বিকাশ রঞ্জন দাশও। তখনকার দলটির অন্যতম তরুণ এই পেসার বর্তমানে ক্রিকেট থেকে বেশ দূরে। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বিকাশ এই সময়ে ধর্মান্তরিত হয়েছেন। সেদিনের বিকাশ আর এখনকার মাহমুদুল হাসান বলছিলেন, ‘আমার কাছে পুরো ব্যাপারটাই ছিল স্বপ্নের মতো। বুলবুল ভাই, আকরাম ভাইদের সঙ্গে খেলাই তো বড় ব্যাপার। এরপর আবার অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে খেললাম।’খেলেছিলেন এবং তিনটি উইকেট নিয়ে টেস্ট-আগমনী বার্তাও শুনিয়েছিলেন মোহাম্মদ রফিক। পরে দেশের সফলতম এই টেস্ট বোলারের কাছে অভিষেক টেস্টের ঘটনাটা হাত ছোঁয়া দূরত্বের মনে হয়, ‘১০ বছর! বিশ্বাস হতে চায় না। মনে হয়, এই সেদিনের ঘটনা। সবকিছু চোখ বুজলে দেখতে পাই।’কে না দেখতে পান! একাদশে ছিলেন না ফাহিম মুনতাসির বা এনামুল হক সিনিয়র। তার পরও দুজনেরই স্মৃতিজুড়ে সেই টেস্ট। খেলা ছেড়ে এখন কর্মকর্তা হয়ে যাওয়া ফাহিম বলছিলেন, ‘মাঠে নামি বা না নামি, আমার সেদিন মনে হয়েছিল, ক্রিকেট-জীবন সফল।’অধুনা আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ার এনামুলও বলছিলেন, ‘মাঠে থাকাটাই তো শেষ কথা নয়। ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও মাঠে ছিলাম না। কিন্তু এই দুই ইতিহাসেরই অংশ আমি, এটা তো সত্যি।’অনেকের চোখেই ওই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান আল শাহরিয়ার ‘রোকন’ অনেক দূরে; ক্রিকেট থেকে নয়, দেশ থেকে। আল শাহরিয়ার এখনো ক্রিকেট খেলছেন নিউজিল্যান্ডে; তিনি নর্থ হ্যাভেলক দলের কোচ কাম খেলোয়াড়। টেস্ট ক্যারিয়ার নিয়ে অতৃপ্তি আছে, তবে অভিষেক টেস্টের কথা উঠলে সেসব ভুলে গিয়ে উজ্জ্বল হয়ে ওঠে তাঁর মুখও।সব মিলিয়ে একটা বিষয় বেশ বোঝা গেল। অভিষেক টেস্টের সেই ১৬ জনের কাছে ওই চারটি দিন জীবনের স্মরণীয়তম স্মৃতি হয়ে আছে, আছে নিত্যদিনের সঙ্গী হয়ে। একজন কেবল ব্যতিক্রম—হাসিবুল হোসেন।ক্রিকেট ছেড়ে ব্যবসায়ী হয়ে যাওয়া ‘শান্ত’ এই মানুষটি হেসে বললেন, ‘অভিষেক টেস্টের স্মৃতি আর সবার মতোই আমার সঙ্গী। কিন্তু আমি ওই স্মৃতিতে আটকে নেই।’কেন! ‘দেখছেন না, এখনকার দল কত ভালো ক্রিকেট খেলছে, এই সময়ে শুধু পুরোনো স্মৃতি নিয়ে বসে থাকলে চলে! এখন তো সামনে এগিয়ে যাওয়ার সময়’—হাসিবুল হোসেন আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখান।