মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সৌদি আরবের মক্কায় সংগঠনের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন বলে উল্লেখ করা হয়।সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় সেনাদের বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় চিকিত্সক মোহাম্মদ লাখিনির বরাতে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওআইসি সম্মেলনের সমাপ্তি বিবৃতিতে বলা হয়, ‘সম্মেলনে ওআইসি থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ওআইসির সব সহযোগী সংগঠন, বিশেষায়িত ও অধিভুক্ত প্রতিষ্ঠানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।’সিরিয়ার সহিংসতা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের মক্কা নগরে ওআইসির দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। ৫৭ দেশের সংগঠন ওআইসিতে গত সোমবার সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক প্রাথমিক বৈঠকে সিরিয়ার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে সম্মেলনের দ্বিতীয় দিন এ সিদ্ধান্তকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যদিও এ সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছে ইরান।মুসলিম সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে মুসলিম শিয়ারা। মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নি দ্বন্দ্বে শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে। সিরিয়ায় সহিংসতার ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা গেছে। ইরান সিরিয়ার শিয়া শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে আর সৌদি আরব সিরিয়ার বিদ্রোহী সুন্নিদের সহায়তা করছে।সম্মেলন শেষে ওআইসির মহাসচিব একমেলেদ্দিন এহসানওগুলু সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ার বিষয়ে বাইরে থেকে সামরিক হস্তক্ষেপের প্রতি তেমন সমর্থন পাওয়া যায়নি। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা। ইসলামি সম্প্রদায় রাজনৈতিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এ সম্প্রদায় আর কোনো রক্তপাত চায় না।’বিমান হামলায় নিহত ৩০ সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার উত্তর দিকের শহর আজাজে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় চিকিত্সক মোহাম্মদ লাখিনির বরাত দিয়ে প্রকাশিত রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এ হামলায় বহু লোক নিহত হয়েছে বলে সিরিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে। ওই শহরের এক কর্মী বলেছে, কমপক্ষে ৩০ জনের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এখনো এই উদ্ধার তত্পরতা চলছে।