ওআইসির কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ। হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হরতাল বাংলাদেশের জন্য নেতিবাচক ধারণা তৈরি করছে। হরতালের কারণে ব্যবসাসহ জীবন থমকে যায়। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত কূটনীতিকদের এক ব্রিফিং শেষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিজ দপ্তরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কূটনীতিকদের ব্রিফ করেন। বৈঠকের পর শায়ের মোহাম্মদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ নিষ্পত্তি করুক।’ প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কূটনৈতিক কোরের ডিন বলেন, ‘আমরা আশাবাদী। এ ক্ষেত্রে সমাধানের জন্য আমরা সরকারকে সমর্থন করছি।’ মানবতাবিরোধী অপরাধের বিচার ও হেফাজতে ইসলামের বিষয়ে জানতে চাইলে শায়ের মোহাম্মদ বলেন, ‘আমি বিদেশি। কাজেই এখানকার অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, ব্রিফিংয়ে উপস্থিত কূটনীতিকেরা কোনো প্রশ্ন করেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীর প্রসঙ্গে ব্রিফিংয়ে কথা বলেন।