ওআইসির মহাসচিবের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব সফররত বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা খালেদা জিয়া ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ড. একমেলুদ্দিন এহসানুগলোর সঙ্গে বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে ওআইসির সদর দপ্তরে খালেদা জিয়া এই বৈঠক করেন। আজ বুধবার সৌদি আরবে অবস্থারত বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের পাঠানো ই-মেইল বার্তায় এ কথা জানানো হয়।বৈঠকে তাঁরা মুসলিম উম্মার বিরাজমান সমস্যাবলি এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় খালেদা জিয়ার সফরসঙ্গী এবং ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খালেদা জিয়া গতকাল জেদ্দা থেকে রিয়াদ পৌঁছান। সেখানে বাদশাহ খালিদ বিমানবন্দরে সৌদি রাজকীয় প্রটোকলের পদস্থ কর্মকর্তা, বিএনপির প্রবাসী শাখার নেতারা তাঁকে স্বাগত জানান।বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ বিরোধীদলীয় নেতাকে রিয়াদ কনফারেন্স প্যালেসে নেওয়া হয়। সেখানেই তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে সফরসঙ্গী দলসহ অবস্থান করছেন।আজ বাদশাহ ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।গত সোমবার সৌদি স্থানীয় সময় বাদ মাগরিব তিনি পবিত্র ওমরাহ পালন করেন। বিরোধীদলীয় নেতা গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাসস।