চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক একলা পাখি। নাটকটি লিখেছেন হুমায়ূন আহমেদ এবং পরিচালনা করেছেন শাওন। এই নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।এবারই প্রথম হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিকে কাজ করছেন?হ্যাঁ। তবে ওনার লেখা এবং পরিচালনায় কয়েকটি এক ঘণ্টার নাটকে কাজ করেছি। সব কটিই ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রেলগাড়ি ঝমাঝম, পাত্র চাই। একলা পাখি ধারাবাহিকে আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের তহবিল সংগ্রহের জন্য গ্রামে নাটক করার পরিকল্পনা করি। শহর থেকে একজন পেশাদার নায়িকাকে নিয়ে আসি। তার দিকে চোখ পড়ে এলাকার কয়েকজন খারাপ মানুষের। শেষে মেয়েটিকে রক্ষা করার জন্য প্রচার করি, ওই নায়িকা আমার স্ত্রী।ধারাবাহিকটির শুটিং কোথায় করেছেন?মুন্সিগঞ্জে, জাপানবাড়িতে। ওই বাড়ির কেউ একজন জাপানে থাকেন, তাই নামটা এ রকম। জায়গাটা খুব নিরিবিলি। এই নাটকে আমি যে কদিন কাজ করেছি, প্রতিদিন সকালবেলাটা দারুণ কাটত। হুমায়ূন আহমেদ স্যার আমাদের সঙ্গে ছিলেন। তিনি খুব ভোরে উঠতেন। ফজরের নামাজেরও আগে, ওই সময়টা লেখালেখি করতেন। পরের সময়টা আমি ওনার কাছে বসে থাকতাম। কথা শুনতাম। ওই কয় দিনের কথা ভুলতে পারব না। জীবনে সব সময় এমন ভালো সময় আসে না।আপনার পরিচালনায় ‘মকবুল’ ধারাবাহিকটি তো শেষ হলো। এরপর কিছু ভেবেছেন?কোরবানির ঈদের পর আমার নতুন ধারাবাহিকের কাজ শুরু করব। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। গ্রাম থেকে শহরে আসা এক মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্প এখানে তুলে ধরা হবে।আগামী ঈদের তো খুব বেশি দিন বাকি নেই।ঠিকই বলেছেন। আমরাও ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত হতে শুরু করেছি। এবার ঈদে আমি একটি নাটক পরিচালনা করব, নাম আলাল-দুলাল। এই নাটকে আলালের চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান আর আমি দুলাল।